রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছে একাধিক সরকারি ভবন ও পরিকাঠামোর রং। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন। দীর্ঘদিন নীল-সাদা রঙে সেজে থাকা এই বহুতল ভবন এবার পেতে চলেছে নতুন রূপ। তবে নবান্নের নতুন রং গেরুয়া হচ্ছে না। প্রশাসনিক সূত্রের খবর, হলুদ ও সাদার মিশ্রণেই সাজিয়ে তোলা হতে পারে ভবনটিকে।
সূত্রের খবর, নবান্নের রং পরিবর্তন নিয়ে প্রশাসনের অন্দরে একাধিক দফায় আলোচনা হয়েছে। সেই আলোচনার পর হলুদ ও সাদার সংমিশ্রণকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। ভবনের বাইরের অংশে হলুদের পাশাপাশি সাদা কিংবা ঘিয়ে রঙের ব্যবহারও দেখা যেতে পারে। খুব শীঘ্রই শুরু হতে পারে রং করার কাজ।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি পরিকাঠামোর রং পরিবর্তন নিয়ে চর্চা চলছে। বিভিন্ন সরকারি ভবন, রাস্তা এবং উড়ালপুলে বদল এসেছে রঙের বিন্যাসে। নীল-সাদার পরিবর্তে কোথাও দেখা গিয়েছে গেরুয়া, কোথাও আবার হলুদ-সাদার ব্যবহার। কয়েক মাস আগে নবান্নের নামফলকেও নীল-সাদার পরিবর্তে গেরুয়া রং করা হয়েছিল। একইভাবে বদলানো হয়েছে বিকাশ ভবনের নামফলকও।
এদিকে, নবান্নের সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে প্রশাসন। সেই প্রক্রিয়া চলছে বলে খবর। শুধু নবান্ন নয়, পাশের উপান্ন ভবনের ভিতরে ও বাইরেও মেরামতির কাজ করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, রাজ্যের প্রশাসনিক কাজকর্ম ফের ঐতিহাসিক মহাকরণ থেকে পরিচালিত হবে কি না, তা নিয়েও জল্পনা অব্যাহত। তবে পরিকাঠামোগত নানা সমস্যার কারণে আপাতত নবান্ন থেকেই সরকারি কাজকর্ম চালানোর সম্ভাবনা বেশি বলে প্রশাসনিক সূত্রের খবর। ফলে সংস্কারের পাশাপাশি নবান্নের রঙের পরিবর্তনও এখন আলোচনার কেন্দ্রে।







