ওয়েব ডেস্ক : উর্দিধারী পুলিশকর্মীকে দেখে ভয় নয়, বরং তাঁর কোলে বসেই গল্পে মেতে উঠল একদল খুদে পড়ুয়া। খোলা আকাশের নিচে চলা পড়াশোনার আসরে এবার শিক্ষক হিসেবে যোগ দিলেন থানার আইসি। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বাইসা গ্রামের এই ছবি মন ছুঁয়েছে স্থানীয়দের।
গ্রামের কয়েকজন যুবক শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সপ্তাহে দু’দিন বিনামূল্যে ক্লাসের ব্যবস্থা করেছেন। খোলা আকাশের নিচেই চলে সেই পাঠদান। সম্প্রতি এলাকায় টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষের। এরপরই তিনি উদ্যোগী যুবকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন।
আরও খবর : মাত্র ১০০ টাকা কালীপুজোর চাঁদা না দেওয়ায় আগুন! পুড়ে ছাই মৎস্যজীবীর মাছের ভেড়ির ঘর
শুধু উৎসাহ দেওয়াই নয়, নিজেও পড়ুয়াদের পড়াতে এগিয়ে আসেন আইসি। শিশুদের হাতে তুলে দেন পেন, খাতা, বই-সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। তাদের কোলে বসিয়ে গল্পও করেন তিনি। আরও বেশি শিশু যাতে এই ক্লাসে যোগ দেয়, সেই লক্ষ্যেই আগামী সপ্তাহে স্কুলব্যাগ ও রং পেন্সিল দেওয়ার আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি প্রতি সপ্তাহে নিজেও ক্লাস নিতে আসবেন বলে জানিয়েছেন সুমিত কুমার ঘোষ। শিশুদের পড়াশোনার এই উদ্যোগ যাতে নিয়মিতভাবে চলতে পারে, তার জন্য একটি পাকা ঘরের ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।







