ওয়েব ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে আরও একবার ভারতীয় সিনেমার পরিচিতি বাড়ালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘ভ্যারাইটি’ প্রকাশিত সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের বাদশা। এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা তিনিই। ১৮ নভেম্বর প্রকাশিত তালিকায় শাহরুখের স্থান ৯২ নম্বরে। তাঁর দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্বকারী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে সঞ্জয় লীলা বনশালীর ‘দেবদাস’।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ শাহরুখের। কেরিয়ারের শুরুতেই ‘বাজিগর’ এবং ‘ডর’-এর মতো ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। পরবর্তী সময়ে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতে রোম্যান্টিক নায়ক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেন। তবে রোম্যান্টিক চরিত্রেই আটকে থাকেননি শাহরুখ। ‘ডন’-এ গ্যাংস্টার, ‘স্বদেশ’-এ নাসার বিজ্ঞানী, ‘চক দে! ইন্ডিয়া’-তে হকি কোচ এবং ‘মাই নেম ইজ খান’-এ রিজওয়ান খানের চরিত্রে তাঁর অভিনয় আলাদা মাত্রা যোগ করেছে কেরিয়ারে।
আরও খবর : ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী
শাহরুখের অভিনয়জীবনের অবশ্যদ্রষ্টব্য ছবি হিসেবে ‘দেবদাস’-কে বেছে নিয়েছে ‘ভ্যারাইটি’। ২০০২ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালীর এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেন শাহরুখ। তাঁর বিপরীতে পার্বতীর চরিত্রে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেন মাধুরী দীক্ষিত। ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দ’র-এর জন্য মনোনীত হয়েছিল ছবিটি।
২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর সাফল্যের হাত ধরে বক্স অফিসে দুরন্ত প্রত্যাবর্তন করেন শাহরুখ। তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তাঁর জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও ছড়িয়েছে।
‘ভ্যারাইটি’-র সমালোচকদের তৈরি এই তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন। প্রথম দশে রয়েছেন জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি অভিনেতা তোশিরো মিফুনে এবং বারবারা স্ট্রাইস্যান্ড।
এশিয়ার আরও দুই কিংবদন্তি অভিনেতাও জায়গা পেয়েছেন এই তালিকায়। নবম স্থানে রয়েছেন জাপানি অভিনেতা তোশিরো মিফুনে। ৫৩ নম্বরে রয়েছেন মার্শাল আর্ট তারকা ব্রুস লি। তাঁদের পাশাপাশি সমসাময়িক তারকাদের মধ্যে ৮৩ নম্বরে রবার্ট প্যাটিনসন, ৮৬ নম্বরে টিমোথি শ্যালামে এবং ৯৮ নম্বরে জেন্ডায়ার নাম রয়েছে।
শুধু বক্স অফিসের সাফল্য বা জনপ্রিয়তার নিরিখে নয়, অভিনেতাদের পর্দায় উপস্থিতি এবং বিশ্ব সংস্কৃতিতে তাঁদের প্রভাবকে গুরুত্ব দিয়েই এই তালিকা তৈরি করেছে ‘ভ্যারাইটি’। সেই তালিকায় ৯২ নম্বরে শাহরুখের উপস্থিতি আন্তর্জাতিক চলচ্চিত্রে তাঁর দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবেই বিশেষ তাৎপর্য বহন করছে।







