HomeScrollপেরুতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী লিমা! আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
6.8 Magnitude Earthquake Strikes Peru

পেরুতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী লিমা! আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক আন্দিজ় অঞ্চলে, সংসদ ভবন থেকেও দ্রুত বেরিয়ে গেলেন আইনপ্রণেতারা

ওয়েব ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ পেরু (Peru)। শুক্রবার স্থানীয় সময় ৬.৮ মাত্রার এই কম্পনে আতঙ্ক ছড়ায় রাজধানী লিমা (Lima)-সহ বিস্তীর্ণ এলাকায়। নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু বাসিন্দা। পরিস্থিতির জেরে তড়িঘড়ি সংসদ ভবন থেকেও বেরিয়ে যান আইনপ্রণেতারা।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, আন্দিজ অঞ্চলের জুনিন প্রদেশে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২৯ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই অঞ্চল।

ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসনের কাছে ক্ষয়ক্ষতির খবর জানতে চাওয়া হয়। জুনিন প্রদেশের স্থানীয় কাউন্সিল সদস্য ভিসেন্তে কিসপে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাঁর কথায়, ওই এলাকায় এত বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা এই প্রথম। অন্যদিকে, ভূমিকম্পের সময় পেরুর সংসদ ভবন থেকে আইনপ্রণেতাদের বেরিয়ে আসার দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কিত বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

আরও খবর :  রোহিঙ্গাদের গণহত্যা মামলায় রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত আন্তর্জাতিক বিচার আদালত মায়ানমারকে দোষী সাব্যস্ত করল

ভূমিকম্পের পর আমেরিকার সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, এই কম্পনের জেরে সুনামির কোনও আশঙ্কা নেই। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে সুনামি নিয়ে সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের মধ্যে অবস্থিত পেরু। ভূত্বকের টেকটোনিক পাতের নড়াচড়ার কারণে এই এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। চলতি বছরের অগস্টে পেরুর আন্দিজ় অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে দু’জন আহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুল। তার প্রায় এক মাস আগে জুনিন অঞ্চলে ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে ছ’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৩০ জন।

[youtube-feed feed=1]
Read More

Latest News