ওয়েব ডেস্ক : বিয়ের জন্য বয়স কিংবা সামাজিক চাপ নয়, সুস্মিতা সেনের (Sushmita Sen) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের মিল। জীবনের পঞ্চাশতম বছরে পৌঁছেও নিজের শর্তে জীবন কাটাচ্ছেন প্রাক্তন মিস ইউনিভার্স। এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। জানালেন, সংসার করতে আপত্তি নেই তাঁর। কিন্তু শুধুমাত্র সম্পর্কের খাতিরে বিয়ে করতে চান না। এমন কাউকে প্রয়োজন, যিনি তাঁকে গভীরভাবে ভালোবাসবেন এবং বুঝতে পারবেন।
সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন, জীবনসঙ্গীর কাছ থেকে তাঁর প্রত্যাশা অনেকটাই বেশি। ভালোবাসার পাশাপাশি প্রতিটি মুহূর্তে বোঝাপড়া এবং মানসিক সংযোগ চান তিনি। অভিনেত্রীর কথায়, তাঁর চাহিদার তালিকা যথেষ্ট দীর্ঘ। সেই প্রত্যাশা পূরণ করার মতো কাউকে পেলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। অন্যথায় নিজের মতো থাকতেই স্বচ্ছন্দ তিনি।
আরও খবর : দীর্ঘ বিরতির পর গানের জগতে ফিরছেন অলকা ইয়াগনিক!
অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতীতেও বহুবার শিরোনাম তৈরি হয়েছে। রণদীপ হুডা, বিক্রম ভাট এবং হৃতিক ভাসিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় আলোচনা হয়েছিল। পরে শিল্পপতি ললিত মোদির সঙ্গে ঘনিষ্ঠতার ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়। বর্তমানে পুরনো প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা বেড়েছে বলে খবর। তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের সমীকরণ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
তবে রোহমানই কি শেষ পর্যন্ত সুস্মিতার জীবনসঙ্গী হতে চলেছেন, তা নিয়ে অভিনেত্রী কোনও চূড়ান্ত ইঙ্গিত দেননি। তাঁর বক্তব্যে বরং স্পষ্ট, বিয়ের সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। মনের মতো মানুষ না পাওয়া পর্যন্ত নিজের স্বাধীন জীবন নিয়েই খুশি থাকতে চান সুস্মিতা। এখন দেখার, তাঁর দীর্ঘ প্রত্যাশার তালিকা পূরণ করে কে জায়গা করে নেন অভিনেত্রীর জীবনে।







