ওয়েব ডেস্ক : ইন্দোনেশিয়ার (Indonesia) উত্তর সুমাত্রায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক মিনিবাস চালকের। দ্রুতগতিতে ছুটে আসা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় মিনিবাসটি। সংঘর্ষের জেরে ট্রেনের সামনের অংশেও আগুন ধরে যায়। তবে ট্রেনের ২৬৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ট্রেনের তিন কর্মী।
শুক্রবার বিকেল প্রায় ৪টে নাগাদ উত্তর সুমাত্রার সিমালুংগুন প্রদেশের তাপিয়ান দোলক জেলার সিনাকসাক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সিয়ান্তার থেকে মেডানগামী সিয়ান্তার এক্সপ্রেস ট্রেনে সেই সময় ২৬৪ জন যাত্রী ছিলেন। একটি অরক্ষিত রেলপথ পারাপারের জায়গায় স্থানীয় একটি মিনিবাসের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ধাক্কার পর মিনিবাসটি রেললাইনের উপর ছিটকে পড়ে। এরপরই সেটিতে আগুন ধরে যায়। ট্রেনটি থামার আগে বেশ কিছুটা দূর পর্যন্ত জ্বলন্ত গাড়িটিকে ঠেলে নিয়ে যায়। আগুনের শিখা ক্রমশ ছড়িয়ে পড়ে ট্রেনের সামনের অংশেও। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।
আরও খবর : পেরুতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী লিমা! আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মিনিবাস চালকের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়ে তাঁর দেহ। উদ্ধারকারী দল আগুন নেভানোর পাশাপাশি দেহ উদ্ধারের কাজ চালায়। সংঘর্ষ ও পরবর্তী অগ্নিকাণ্ডে ট্রেনের দুই চালক-সহ মোট তিন কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ট্রেনের ২৬৪ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাঁদের কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রশাসনিক তথ্য অনুযায়ী, সিয়ান্তার ও দোলক মেরাঙ্গির স্টেশনের মধ্যবর্তী ৩৮ কিলোমিটার ৭/৬ নম্বর পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। ওই জায়গায় রেললাইন পারাপারের জন্য কোনও গেট, বাধা বা সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা ছিল না। স্থানীয় গণপরিবহণের মিনিবাসটি রেললাইন পার হওয়ার সময়ই ট্রেনের সামনে চলে আসে বলে জানা গিয়েছে।
সংঘর্ষে মিনিবাসটি এবং ট্রেনের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে চলন্ত ট্রেনের সামনে মিনিবাসটি চলে এল, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার রেল কর্তৃপক্ষ।







