HomeScrollআইআইটি খড়্গপুরে মোদির মুখে ৫০ বছর আগের ‘লাল ঝান্ডা’ প্রসঙ্গ! সেমিকন্ডাক্টর নিয়ে...
PM Modi

আইআইটি খড়্গপুরে মোদির মুখে ৫০ বছর আগের ‘লাল ঝান্ডা’ প্রসঙ্গ! সেমিকন্ডাক্টর নিয়ে বাম শাসনকে নিশানা

সেমিকন্ডাক্টর কারখানা গড়তে ভারতে এসেও ফিরে গিয়েছিল বিদেশি সংস্থা, প্ল্যাটিনাম জয়ন্তীর মঞ্চে অতীতের প্রসঙ্গ তুলে দাবি প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই বাম শাসনকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, সেই সময় একটি বিদেশি সংস্থা ভারতে এই শিল্পে বিনিয়োগ করতে এসেছিল। কিন্তু তৎকালীন পরিস্থিতিতে ‘লাল ঝান্ডা’ দেখিয়ে সংস্থাটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কথায়, “৫০ বছর আগেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়।”

শনিবার খড়্গপুরের আইআইটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং আত্মনির্ভরতার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, কয়েক দশক আগে সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশের সুযোগ থাকলেও তা কাজে লাগানো যায়নি। বর্তমান সরকার সেই ক্ষেত্রেই নতুন করে উদ্যোগ শুরু করেছে। মোদি বলেন, দেশে সেমিকন্ডাক্টর উৎপাদনের উদ্যোগ শুরু করার পরেও অনেকে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ভারত এই শিল্পে অনেক দেরিতে প্রবেশ করছে। এতদিন পরে এই ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল। তবে সেই সমালোচনা সত্ত্বেও সরকার কাজ চালিয়ে গিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে দেশে একাধিক সেমিকন্ডাক্টর উৎপাদন পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। প্রযুক্তিগত ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

আরও খবর :  ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, দুর্যোগের মেঘ কাটছে কবে?

অনুষ্ঠানে দারিদ্র্য দূরীকরণ নিয়েও পূর্ববর্তী সরকারগুলির সমালোচনা করেন মোদি। তাঁর বক্তব্য, অতীতে লালকেল্লা থেকে দারিদ্র্য দূর করার কথা বারবার বলা হলেও বাস্তবে সেই লক্ষ্যে পর্যাপ্ত কাজ হয়নি। ফাইল তৈরির মধ্যেই অনেক উদ্যোগ সীমাবদ্ধ ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেন, গত ১২-১৩ বছরে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন। দেশের উন্নয়ন ভাবনায় পরিবর্তনের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে তাঁর বক্তব্য।

দেশের প্রথম আইআইটি হিসেবে খড়্গপুরের প্রতিষ্ঠানের ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গত ৭৫ বছরে দেশ গঠনের বিভিন্ন পর্যায়ে এই প্রতিষ্ঠানের পড়ুয়া এবং প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের পরিবর্তনের ছবি বোঝাতে তিনি বলেন, দেশ একসময় গরুর গাড়ির যুগে ছিল। সেখান থেকে আজ বুলেট ট্রেনের দিকে এগিয়েছে। একইভাবে চিঠির মাধ্যমে যোগাযোগের সময় পেরিয়ে এখন সোশ্যাল মিডিয়ার যুগে পৌঁছেছে ভারত। এই দীর্ঘ পরিবর্তনের প্রতিটি পর্যায়ে আইআইটি খড়্গপুরের অবদান রয়েছে বলে জানান তিনি।

তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অনেক সময় মানুষ নিজের প্রতিভা, স্বপ্ন এবং দেশের সম্ভাবনাকে নিজেরাই সীমাবদ্ধ করে রাখেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। নিজের স্বভাবের কথা বলতে গিয়ে মোদি বলেন, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না জানিয়ে আমি থাকতে পারি না।” পড়ুয়াদের নতুন সম্ভাবনা খোঁজা এবং প্রচলিত সীমাবদ্ধতা অতিক্রম করার বার্তা দেন তিনি। এদিন আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News