কলকাতা: শীতের অপেক্ষায় থাকা বঙ্গবাসীর জন্য সুখবর! বৃষ্টির রেশ কাটতেই এবার রাজ্যে নামতে চলেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সপ্তাহের শেষের দিকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত পরিষ্কার। দেখা মিলেছে রোদেরও। গত কয়েক দিনের বৃষ্টির পর আপাতত শহরে দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সপ্তাহের শেষের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর থেকেই জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস মিলেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ছবিটাও কিছুটা একই রকম। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পর্ব কাটলে উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সব মিলিয়ে, নভেম্বরের শেষ সপ্তাহেই বাংলায় শীতের আমেজ আরও জোরালো হওয়ার ইঙ্গিত। এবার কি তবে জাঁকিয়ে শীতের অপেক্ষা শুরু?







