সন্তান হলেই কি বাবা-মায়ের সম্পত্তির উপর অধিকার জন্মায়? বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাঁদের বাড়িতে বসবাস করতে পারেন সন্তানরা? এই প্রশ্নেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রবীণ বাবা-মা চাইলে নিজেদের বাড়ি থেকে সন্তান ও পুত্রবধূকে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন। তাঁদের ইচ্ছার বিরুদ্ধে সন্তানদের সঙ্গে একই বাড়িতে থাকতে বাধ্য করা যায় না। ৮৫ বছর বয়সি এক বৃদ্ধের মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি দিল্লির। নিজের স্ব-অর্জিত সম্পত্তি থেকে বড় ছেলে ও পুত্রবধূকে উচ্ছেদের আবেদন জানিয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর অভিযোগ, ছেলে ও পুত্রবধূর আচরণে বাড়ির শান্তি নষ্ট হচ্ছে। সম্পত্তির নিরঙ্কুশ মালিক হওয়া সত্ত্বেও নিজের বাড়িতে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারছেন না তিনি।
বৃদ্ধের দাবি, ১৯৮০ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)-র কাছ থেকে সম্পত্তিটি পেয়েছিলেন তিনি। ২০০০ সালে সেটি ফ্রিহোল্ড করেন। ২০০৩ সালে বিয়ের পর থেকে বড় ছেলে ও পুত্রবধূ ওই বাড়িতে বসবাস করছেন। বিকল্প থাকার ব্যবস্থা করতে বললেও তাঁরা বাড়ি ছাড়তে রাজি হননি বলে অভিযোগ। এমনকী, তাঁকে হুমকি দেওয়া এবং ছোট ছেলেকে মারধরের অভিযোগও ওঠে।
এরপর ২০০৭ সালের সিনিয়র সিটিজেনস অ্যাক্টের অধীনে উচ্ছেদের আবেদন করেন বৃদ্ধ। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট সেই আবেদন খারিজ করেন। ডিভিশনাল কমিশনারও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। পরে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
বিচারপতি অমিত মহাজন জেলা ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল কমিশনারের নির্দেশ বাতিল করে দেন। আদালত জানায়, সম্পত্তি থেকে সন্তানদের উচ্ছেদ করতে প্রবীণ নাগরিককে সব ক্ষেত্রে দুর্ব্যবহার বা ভরণপোষণ না পাওয়ার অভিযোগ প্রমাণ করতে হবে, এমন নয়। শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাসের অধিকারও গুরুত্বপূর্ণ। আগামী চার সপ্তাহের মধ্যে ছেলে ও পুত্রবধূকে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে আদালত।







