কলকাতা: জটিল সম্পর্ক, ত্রিকোণ প্রেম, পরকীয়ার থেকে মৃত্যুর পর সঙ্গীর ফিরে আসা এই সব বিষয়বস্তু নিয়ে প্রায়শই চর্চায় শিরোনামে বাংলা সিরিয়ালের (Bengali Serial) কনটেন্ট। ‘আর নয় পরকীয়ার গল্প’, বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়ে কড়া বার্তা বিধায়ক পাপিয়া অধিকারীর (Papiya Adhikari)। বাংলা ধারাবাহিকের কনটেন্ট (Bengali Serial Content) নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিষয়ে নির্মাতাদের কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।
২০ বছর পর টালিগঞ্জের তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের ‘দূর্গে’ পালাবদল ঘটিয়ে পাপিয়া অধিকারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পাপিয়া অধিকারী বিজেপি প্রার্থী হিসেবে টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। এবার তিনি দাবি করলেন বাংলা সিরিয়াল থেকে ‘পরকীয়া’ মুছে ফেলবেন তিনি।পাপিয়া বলেন, ‘দর্শকদের জন্য, আপনাদের ভালোলাগার জন্য কাজ করতে চাই। আপনারা এর আগে খুব বিরক্ত হয়েছেন। বারবার করে বলেছেন, এসব পরকীয়া আমরা আর দেখতে চাই না। কারণ এতে সংসারের ভারসাম্য নষ্ট হয়, এটা আপনারাই বলেছিলেন।’যাঁরা এসব সিরিয়াল বানান, আমিও তাঁদের জিজ্ঞাসা করেছিলাম যে- ‘এগুলো কেন লেখো তোমরা?’ তাঁরা আমাকে বলেছেন- ‘এগুলো দর্শক খাবে…!’ কিন্তু খাওয়ানোটা তো বড় কথা নয়। সে তো একটা বাচ্চাকেও জোর করে খাওয়ানো যায়। ঠিক তেমনই সুষম বিনোদনের কনটেন্ট আমরা বানাব। যা কিনা দর্শককে কাছে মাথার নিউট্রিশন, চোখের নিউট্রিশন, মনের নিউট্রিশন জোগাবে।”
আরও পড়ুন: তিলক ভার্মা আর শ্রীলীলার সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন অভিনেত্রীর মা?






