HomeScrollজার্মানিতে জেন জি-র বিক্ষোভ ঘিরে তাণ্ডব!
Germany Gen Z Protests

জার্মানিতে জেন জি-র বিক্ষোভ ঘিরে তাণ্ডব!

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি নীতির প্রতিবাদে পথে হাজার হাজার তরুণ। ফ্রাঙ্কফুর্ট-সহ একাধিক শহরে সংঘর্ষ, আহত পুলিশকর্মীরা।

ওয়েব ডেস্ক : জেন জি-র বিক্ষোভ (Germany Gen Z Protests) ঘিরে উত্তপ্ত জার্মানি। শনিবার (৩১ অক্টোবর) দেশের বিভিন্ন শহরে হাজার হাজার তরুণের আন্দোলন সন্ধ্যার পর হিংসাত্মক রূপ নেয়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফ্রাঙ্কফুর্টে। সেখানে মুখোশধারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশের দিকে পাথর, আতশবাজি ও পেট্রল বোমা ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। একটি আগ্নেয়াস্ত্রের দোকানেও লুটপাট চালানো হয়। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

‘GenZ regelt!’ নামে একটি আন্দোলনকারী গোষ্ঠীর ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। আয়োজকদের দাবি, দেশজুড়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ আন্দোলনে অংশ নেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা এবং সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদেই পথে নামেন তরুণরা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বিরুদ্ধেও স্লোগান ওঠে। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং সেনাবাহিনীতে নিয়োগ বাড়ানোর জন্য নতুন স্বেচ্ছাসেবী পরিষেবা ব্যবস্থার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীদের একাংশ।

আরও খবর :  এভারেস্ট ট্রেকিংয়ে গিয়ে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী! হোটেলে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সর্বস্ব

ফ্রাঙ্কফুর্টের পাশাপাশি বার্লিন, হামবুর্গ, কোলন ও লাইপজিগেও উত্তেজনা ছড়ায়। হামবুর্গ ও কোলনে জরুরি পরিষেবার কর্মীদের লক্ষ্য করে পাথর, বোতল ও আতশবাজি ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালায় পুলিশ। বার্লিনে পুলিশের দিকে ডিম ও বোতল ছোড়া হয় বলে অভিযোগ। লাইপজিগে পেপার স্প্রে ব্যবহার করতে হয় নিরাপত্তারক্ষীদের। বন শহরেও সংঘর্ষে এক পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন। বিভিন্ন শহর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

হেসে প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেকের দাবি, ফ্রাঙ্কফুর্টের বিক্ষোভে প্রায় ১০০ জন চিহ্নিত বামপন্থী চরমপন্থী অনুপ্রবেশ করেছিল। অন্যদিকে, আন্দোলনের আয়োজকরা হিংসার সঙ্গে নিজেদের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছে। তাদের বক্তব্য, বর্ণবিদ্বেষ, চরমপন্থা ও ঘৃণাভাষণের কোনও জায়গা এই আন্দোলনে নেই। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্স ও ইতালিতেও তরুণদের আন্দোলন চলছে। ফলে জার্মানির এই অশান্তি ঘিরে ইউরোপজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News