HomeScrollসব্যসাচী দত্তের বাড়িতে সোনা উদ্ধার মামলায় ফের ইডির তল্লাশি, কলকাতাসহ রাজ্যের ১২...
Sabyasachi Dutta

সব্যসাচী দত্তের বাড়িতে সোনা উদ্ধার মামলায় ফের ইডির তল্লাশি, কলকাতাসহ রাজ্যের ১২ জায়গায় অভিযান

সব্যসাচী দত্তের সোনা উদ্ধার মামলায় কলকাতাসহ রাজ্যের ১২ জায়গায় ইডির তল্লাশি

কলকাতা: প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে আরও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। শুক্রবার সকালে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মূলত উদ্ধার হওয়া সোনার উৎস এবং সেই সম্পত্তির সঙ্গে আর্থিক লেনদেনের যোগসূত্র খতিয়ে দেখাই এই অভিযানের উদ্দেশ্য বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

গত মাসে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্তের স্বার্থে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার হয়। পাশাপাশি তদন্তকারীদের হাতে আসে প্রায় ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদ। সব্যসাচীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতেও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের দাবি করে পুলিশ।

আরও খবর : বারুইপুর এনকাউন্টারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হলফনামা চেয়ে জেলা পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

এই ঘটনার পরই মামলার নথি সংগ্রহ করে প্রাথমিক অনুসন্ধান শুরু করে ইডি। তদন্তকারীদের সন্দেহ, উদ্ধার হওয়া সোনা ও অন্যান্য সম্পত্তির সঙ্গে অভিযুক্তের ঘোষিত আয়ের সামঞ্জস্য নেই। সেই কারণে অর্থপাচার, দুর্নীতির অর্থ কিংবা তোলাবাজির মাধ্যমে এই সম্পত্তি গড়ে উঠেছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

শুক্রবারের অভিযানে একাধিক নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। তদন্তের অগ্রগতির ভিত্তিতে ভবিষ্যতে আরও জিজ্ঞাসাবাদ বা নতুন পদক্ষেপ হতে পারে বলে তদন্তকারী মহলের অনুমান। তবে এখনও পর্যন্ত এই মামলায় ইডির তরফে তল্লাশি-পরবর্তী কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News