HomeScrollকমলা পোশাকে পুজোর ভিড় সামলাবেন ২০ হাজার স্বেচ্ছাসেবক! পোশাক-টুপি বাবদ ৮৯ লক্ষ...

কমলা পোশাকে পুজোর ভিড় সামলাবেন ২০ হাজার স্বেচ্ছাসেবক! পোশাক-টুপি বাবদ ৮৯ লক্ষ খরচ কলকাতা পুলিশের

পুজোর ভিড় সামলাতে এ বার নতুন সাজে কলকাতা পুলিশের ২০ হাজার স্বেচ্ছাসেবক, কমলা পোশাক-টুপি বাবদ খরচ প্রায় ৮৯ লক্ষ!

কলকাতা: পুজোর ভিড় সামলাতে এ বার কলকাতা পুলিশের (Kolkata Police) স্বেচ্ছাসেবকদের নতুন সাজ। দুর্গাপুজোয় (Durga Puja) আইনশৃঙ্খলা ও যান চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন করা হবে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। তাঁদের জন্য কমলা রঙের বিশেষ পোশাক ও টুপি তৈরি করছে লালবাজার (Lalbazar)। পুলিশের একটি সূত্রের দাবি, সব মিলিয়ে এই পোশাক ও টুপির জন্য খরচ হবে প্রায় ৮৯ লক্ষ টাকা।

লালবাজার সূত্রে খবর, এত দিন সাধারণত হাফ হাতা টি-শার্ট পরেই স্বেচ্ছাসেবকদের ডিউটি করতে হত। কিন্তু এ বার দীর্ঘ সময় রাস্তায় বা মণ্ডপ এলাকায় কাজের কথা মাথায় রেখে নতুন পোশাকের নকশা করা হয়েছে। থাকছে ফুল হাতা, কলার-সহ দু’ধরনের কমলা রঙের জামা।

২০ হাজার পোশাকের মধ্যে ১২ হাজার হবে গাঢ় কমলা এবং ৮ হাজার হালকা কমলা রঙের। পোশাকের সামনে সাদা রঙে থাকবে কলকাতা পুলিশের লোগো। পাশাপাশি সামনে ছোট এবং পিছনে বড় অক্ষরে লেখা থাকবে ‘কলকাতা পুলিশ ভলান্টিয়ার’। একই রঙের টুপিও দেওয়া হবে তাঁদের।

পুলিশ সূত্রের খবর, পোশাকের জন্য বরাদ্দ হয়েছে ৭৩ লক্ষ টাকা। টুপির জন্য আরও ১৬ লক্ষ টাকা খরচ হবে। অর্থাৎ মোট বরাদ্দ প্রায় ৮৯ লক্ষ টাকা।

পুজোর সময় কলকাতার যান চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। স্কুল-কলেজের পড়ুয়া, এনসিসি সদস্য এবং বিভিন্ন এলাকার ক্লাবের সদস্যদেরও এই কাজে যুক্ত করা হয়। মহালয়ার পর সংশ্লিষ্ট ডিভিশনে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চতুর্থী থেকে দশমী পর্যন্ত পুলিশ, হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি এই স্বেচ্ছাসেবকরাও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন। বড় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নজর রাখবেন তাঁরা। কোনও মণ্ডপে দর্শনার্থীর চাপ বাড়লে ভিতরে অতিরিক্ত ভিড় জমতে না দেওয়াও তাঁদের অন্যতম দায়িত্ব।

পুজোর সময়ে শহরের রাস্তায় ট্রাফিক সামলানোর কাজেও একাংশ স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News