ওয়েব ডেস্ক : রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ৩১ অগস্ট বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সোমবার বিচারপতি দেবাংশু ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৭ অগস্ট।
সোমবার শুনানির সময় সরকারি আইনজীবী কল্লোল মণ্ডল জানান, গত ১৮ অগস্ট নিম্ন আদালত একটি নির্দেশ দিয়েছিল। এরপরই মামলাটি নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, প্রি-কগনিজেন্স পর্যায়েই কেন আদালতে যাওয়া হয়নি। জবাবে মহুয়ার আইনজীবী দেবাশিস রায় দাবি করেন, ওই আদালতের সেই এক্তিয়ার নেই এবং এমপি-এমএলএ আদালতেই বিষয়টি শোনা যেতে পারে।
আরও খবর : ভোররাতে ভয়াবহ আগুন! কলকাতার শোরুমে পুড়ে ছাই ২২টি গাড়ি
বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন, এটি জামিনযোগ্য অপরাধ এবং সংশ্লিষ্ট আদালতে যাওয়ার প্রয়োজন ছিল। জবাবে মহুয়ার আইনজীবী জানান, তিনি আদালতে গিয়েছিলেন। তাঁর দাবি, সেই সময় কোনও এফআইআর বা পুলিশ কেস ছিল না। আইনি পদক্ষেপ নেওয়ার পর এফআইআর করা হয়েছে বলে আদালতে জানান তিনি।
মহুয়ার আইনজীবী আরও জানান, তিনি গোটা বিচারপ্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করছেন। পাশাপাশি ১৬ জুন অপর পক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল বলেও আদালতে উল্লেখ করেন তিনি। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশের পদক্ষেপে নিষেধাজ্ঞা থাকায় স্বস্তি পেলেন মহুয়া মৈত্র।
অভিযোগ, মহুয়া মৈত্র (Mahua Moitra) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধেয় কিছু ধর্মীয় বিশ্বাস ও প্রতীক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই নিয়েই শুরু হয়েছে এই মামলা।







