ওয়েব ডেস্ক: ইতালি ও এসি মিলানের (AC Milan) কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি (Franco Baresi) আর নেই। ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। শুক্রবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে এসি মিলান। ক্লাবের তরফে জানানো হয়েছে, বারেসির মৃত্যুতে গোটা মিলান পরিবার গভীর শোকাহত।
গত বছর ফুসফুসে একটি নডিউল ধরা পড়ার পর অস্ত্রোপচার হয়েছিল বারেসির (Franco Baresi)। এরপর ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানো-কোর্তিনা শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল বহন করেও নজর কেড়েছিলেন তিনি।
আরও খবর : বিশ্বকাপ ২০২৭-এর ১২ ভেন্যুর ঘোষণা আইসিসি’র
পুরো ২০ বছরের ফুটবল কেরিয়ার এসি মিলানেই কাটিয়েছেন বারেসি (Franco Baresi)। ক্লাবের হয়ে জিতেছেন ৬টি সিরি আ শিরোপা এবং ৩টি ইউরোপিয়ান কাপ। দীর্ঘ ১৫ বছর দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে অবসরের পর মিলান তাঁদের ইতিহাসে প্রথমবারের মতো তাঁর ৬ নম্বর জার্সি অবসর দেয়।
ইতালির হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বারেসি। ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ইটালির হয়ে ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত ৮১টি ম্যাচ খেলেছেন। মাঠে তাঁর নেতৃত্ব, নিখুঁত রক্ষণ ও দক্ষতার জন্য তিনি সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত হন।







