HomeScrollমুদির দোকানের আড়ালে নিষিদ্ধ শব্দবাজির কারবার! কালীপুজোর আগে পুলিশের হানায় গ্রেপ্তার মালিক,...
Basirhat news

মুদির দোকানের আড়ালে নিষিদ্ধ শব্দবাজির কারবার! কালীপুজোর আগে পুলিশের হানায় গ্রেপ্তার মালিক, উদ্ধার কয়েকশো প্যাকেট

বসিরহাট: কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। মুদির দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ শব্দবাজির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে ওই দোকানে হানা দিতেই উদ্ধার হল কয়েকশো প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি। গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক অনুপ কুমার বিশ্বাসকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের মাটিয়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিয়া থানার স্বরূপনগর বাজারে টাকি রোডের ধারে একটি মুদির দোকানে এই বেআইনি কারবার চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পাওয়ার পর বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় মাটিয়া থানার পুলিশ।

দোকানের গোডাউনে তল্লাশি চালাতেই সামনে আসে নিষিদ্ধ শব্দবাজির মজুত। সেখান থেকে কয়েকশো প্যাকেট বাজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাজির মধ্যে রয়েছে ‘বুড়িমার চকলেট’ এবং ‘দুলালের চকলেট’। প্রতিটি শব্দবাজির আকার প্রায় হাতবোমার মতো বলে জানা গিয়েছে।

বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানের মালিক অনুপ কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালীপুজোর আগে কী ভাবে মুদির দোকানের আড়ালে এই ধরনের বাজির কারবার চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত দোকানমালিককে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। উৎসবের মরসুমে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার ও বিক্রি রুখতে পুলিশের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News