ওয়েব ডেস্ক: একই পুকুরের দুই পাড়ে দুই কালীপুজো। একদিকে বুড়ো কালী, অন্যদিকে জোয়ান কালী। দুই দেবীর নাম ও রূপ আলাদা হলেও তাঁদের ঘিরে গ্রামবাসীর আবেগ এক সুতোয় বাঁধা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের জোতকেসব গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই বিশেষ কালীপুজোর ঐতিহ্য। পুজোকে কেন্দ্র করে প্রতি বছর গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।জোতকেসব গ্রামের একটি পুকুরকে ঘিরেই এই দুই পুজোর আয়োজন। পুকুরের পশ্চিম পাড়ে পূজিত হন বুড়ো কালী। অন্যদিকে পূর্ব পাড়ে পুজো পান জোয়ান কালী। স্থানীয়দের কাছে এই দুই পুজোই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
পুজো উদ্যোক্তাদের দাবি, বুড়ো কালীর পুজো কত বছর আগে শুরু হয়েছিল, তার সঠিক ইতিহাস বা প্রতিষ্ঠার সময়কাল কারও জানা নেই। অন্যদিকে, জোয়ান কালীর পুজো প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। দুই দেবীর মূর্তির রংও আলাদা। বুড়ো কালী শ্যামবর্ণা, আর জোয়ান কালীর গায়ের রং কালো।
দুই পাড়ে দুই পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো। পুজোর চার দিনের মাথায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপরই শুরু হয় মেলা। প্রায় ১২ থেকে ১৫ দিন ধরে চলে সেই মেলা। পুজো এবং মেলাকে ঘিরে স্থানীয় মানুষের আনন্দ-উৎসব যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই দুই কালীপুজো শুধু ধর্মীয় আয়োজন নয়, জোতকেসব গ্রামের ঐতিহ্য ও লোকসংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। একই পুকুরের দুই পাড়ে দুই ভিন্ন রূপে দেবীর আরাধনা—এই বৈশিষ্ট্যই দাসপুরের এই গ্রামকে আলাদা পরিচিতি দিয়েছে।







