ওয়েব ডেস্ক : জঙ্গলমহলের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ রাজ্যের। ঝাড়গ্রামের কালাঝারিয়া গ্রামে দাঁড়িয়ে লোধা-শবর সম্প্রদায়ের জন্য বিশেষ খাদ্যসামগ্রী বিলির কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবারের এই কর্মসূচি থেকে জেলার উন্নয়নের জন্য ৩৪২ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে।
এই প্রকল্পে শুধু রেশন দোকানের উপর নির্ভর করতে হবে না উপভোক্তাদের। প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে চাল, ডাল, তেল ও সয়াবিনের প্যাকেট। সরকারি ঘোষণা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার এবং ঝাড়গ্রামের ২৫ হাজার পরিবার এই সুবিধা পাবে। সব মিলিয়ে উপকৃত হওয়ার কথা প্রায় ৭০ হাজার পরিবারের। জনজাতি সম্প্রদায়ের পড়াশোনার ক্ষেত্রেও আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ঝাড়গ্রামের ২ লক্ষ পড়ুয়াকে ৮০০ টাকা করে তফসিলি জনজাতি বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি আদিবাসী মহিলাদের জন্য চালু হতে চলেছে আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা।
আরও খবর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘিরে বাড়ছে উদ্বেগ
কর্মসংস্থান নিয়েও বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ১২৫ দিনের কাজের গ্যারান্টির কথা বলেছেন। যাঁরা নতুন করে জবকার্ড নিতে চান, তাঁদেরও সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ঝাড়গ্রাম জেলার ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাচ্ছেন।
উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে আগামী ছয় মাসের মধ্যে জেলার সার্বিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমাঞ্চলের উন্নয়ন নিয়ে আগের সরকারের সমালোচনাও করেছেন তিনি।







