HomeScrollঅনাস্থা ভোটের আগেই ইস্তফা, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির পদত্যাগ ঘিরে...
Tehatta

অনাস্থা ভোটের আগেই ইস্তফা, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির পদত্যাগ ঘিরে চাঞ্চল্য

বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক, তার আগেই সরে দাঁড়ালেন ইমরান শেখ ও উত্তম বিশ্বাস

ওয়েব ডেস্ক : অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের ঠিক আগেই তেহট্ট-১ (Tehatta) পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল। বুধবার মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন সভাপতি ইমরান শেখ এবং সহ-সভাপতি উত্তম বিশ্বাস। বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই দু’জনের পদত্যাগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ইমরান শেখ বর্তমানে সিপিআইএমের সঙ্গে যুক্ত। অন্যদিকে, উত্তম বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তাঁদের বিরুদ্ধে বিজেপির তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার ভোটাভুটির কথা ছিল। কিন্তু তার আগেই সভাপতি ও সহ-সভাপতি পদ ছেড়ে দেওয়ায় তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির রাজনৈতিক সমীকরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও খবর : আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেত্রীর বাড়ি ঘেরাও

পদত্যাগের পর ইমরান শেখ ও উত্তম বিশ্বাস দু’জনেই প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না মেলায় পঞ্চায়েত সমিতির মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না। বারবার প্রশাসনের সহযোগিতা চেয়েও কার্যত কোনও কাজ করা যাচ্ছিল না বলে অভিযোগ তাঁদের। জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করতে না পারার কারণেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তবে পদ ছাড়লেও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন দু’জনেই। তাঁদের বক্তব্য, আগামী দিনেও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে তাঁরা কাজ করবেন। প্রয়োজনে মানুষের দাবিতে পথে নামারও বার্তা দিয়েছেন তাঁরা। ফলে পদত্যাগের পরেও স্থানীয় রাজনীতিতে তাঁদের ভূমিকা কী থাকে, তা নিয়েও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এদিকে, অনাস্থা বৈঠকের ঠিক আগে সভাপতি ও সহ-সভাপতির ইস্তফায় তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির পরবর্তী নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন করে কে দায়িত্ব নেবেন, পঞ্চায়েত সমিতির রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘুরবে, এখন সেদিকেই নজর সকলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News