কলকাতা: শুধু দিওয়ালি নয়, সবেবরাত রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ সবেবরাতের রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কোনও আতশ বাজি ফাটানো যাবে না।
সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালতের স্পষ্ট নির্দেশ, সবেবরাত রাতে রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত আতশ বাজি ফাটানো যাবে না । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনে আতশবাজির ব্যবহার করা যাবে। এর অন্যথা হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
আরও পড়ুন: মমতা-সাক্ষাতের পর কমিশনের বিবৃতিতে হুঁশিয়ারি
আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার সবেবরাত। কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজির দৌরাত্ম্য চলতে থাকে। এক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ থাকে না বলেও অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) হস্তক্ষেপ চেয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। যেখানে কালীপুজো, বড়দিন এবং ছটপুজোর সময়ের কথা উল্লেখ করে আবেদনকারী আইনজীবীর দাবি, এই সমস্ত সময়ে বাজি ফাটানোর ক্ষেত্রে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। সবুজ বাজিতে অনুমতি দেওয়া হয়। সবেবরাতের রাতেও নিয়ম মেনে আতশবাজি ফাটানোর ক্ষেত্রে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) যাতে নির্দেশ দেয়, সেই আবেদন জানানো হয়। শুনানি শেষে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সবেবরাতের রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়।







