ওয়েবডেস্ক- পানিহাটিতে (Panihati) প্রার্থী হচ্ছেন অভয়ার মা (Abhaya’s Mother) ! পূর্ণ সমর্থন জানিয়ে দিলীপ ঘোষের কড়া বার্তা, “বিপুল ভোটে জিতবেন তিনি, এটাই হবে মমতাকে জবাব”। আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের আশায় পথে নেমেছিলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কাছ থেকে কোনও সুবিচার না পেয়ে, এবার সরাসরি রাজনীতির ময়দানকেই বেছে নিয়েছেন তিনি।
এদিন দিলীপ ঘোষ পানিহাটিতে অভয়ার মায়ের প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কড়া বার্তা দিলেন তিনি। খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আরজি করের নির্যাতিতার মা প্রথম থেকেই রাস্তায় নেমে লড়াই করেছেন। কিন্তু সরকারের কাছ থেকে কোনও ন্যায়বিচার না পেয়ে অবশেষে বাধ্য হয়েই তাঁকে রাজনৈতিকভাবে বিচারের আশায় নির্বাচনে দাঁড়াতে হয়েছে। তিনি বলেন, একজন সন্তানহারা মা হিসেবে তাঁর এই যন্ত্রণার প্রতি রাজ্যবাসীর যেমন গভীর সহানুভূতি রয়েছে, তেমনি তাঁর নিজেরও পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, সাধারণ মানুষ এই অন্যায়ের কথা ভোলেননি। সাধারণ মানুষ এবার পথে নেমে ব্যালট বাক্সে জবাব দেবেন এবং অভয়ার মা বিপুল ভোটে জয়লাভ করবেন। দিলীপ ঘোষের মতে, এই বিশাল জয়ই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সবচেয়ে যোগ্য জবাব।
আরও পড়ুন- ভোটের আগে ফের ‘পোস্টার রাজনীতি’ সন্দেশখালিতে, বিজেপি প্রার্থী বদলের দাবিতে পোস্টার
এই প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে শাসক দলকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তৃণমূলের অন্দরের কোন্দল, খড়গপুর থেকে পাটুলিতে গোষ্ঠীদ্বন্দ্ব, খুন এবং বোমাবাজির ঘটনা তুলে ধরে তিনি নির্বাচন চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।
এছাড়া, রামনবমী নিয়ে মদন মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতাদের বর্তমান উৎসাহকে কটাক্ষ করে তিনি বলেন, যারা একসময় রাম মন্দিরের বিরোধিতা করেছিল তারাই এখন রাজনীতির স্বার্থে রামনবমীর আয়োজন করছে। খেলা ঘুরে গেছে, এখন সবাইকে রামের কাছেই আসতে হবে।







