পূর্ব বর্ধমান: মাইনরিটি দফতরের অর্থে নির্মিত কমিউনিটি হলকে (Community Hall) ঘিরে দুর্নীতির অভিযোগে তোলপাড় পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর। সরকারি অর্থে তৈরি কমিউনিটি হল অবৈধভাবে লিজ দিয়ে সেখানে হোটেল-রেস্তোরাঁ চালানোর অভিযোগ উঠেছে তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বিজেপি (BJP) সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu)।
সূত্রের খবর, ২০১৯-২০ অর্থবর্ষে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন দফতরের প্রায় ৬৮ লক্ষ টাকার অনুদানে জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত হয় একটি বিলাসবহুল দ্বিতল কমিউনিটি হল। ২০২৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটির উদ্বোধন করেন। অভিযোগ, সাধারণ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মিত ওই কমিউনিটি হল ২০২৫ সালে বিতর্কিত টেন্ডারের মাধ্যমে এক ব্যবসায়ীর হাতে লিজে তুলে দেওয়া হয়। পরে সেখানে হোটেল-রেস্তোরাঁ চালু করা হয়।
বিজেপির অভিযোগ, টেন্ডার বিজ্ঞপ্তিতে তারিখ ও মেমো নম্বর ছিল না এবং মাইনরিটি দফতরের অনুমোদনও নেওয়া হয়নি। যদিও লিজপ্রাপ্ত ব্যবসায়ী সৌমিত্র অধিকারী দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই লিজ পেয়েছিলেন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই বিডিও ও পঞ্চায়েত সমিতির তৎকালীন কর্তারা স্পষ্ট জবাব এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ।
এদিকে বিষয়টি সামনে আসতেই কড়া বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর বক্তব্য, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। দুর্নীতির প্রমাণ মিললে কাউকেই রেয়াত করা হবে না, দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
দেখুন আরও খবর:







