ওয়েব ডেস্ক: রাজারহাটের (Rajarhat) দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণের (Blast) ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। ঘটনার তদন্তে যুক্ত হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। শনিবার সকাল থেকেই বিস্ফোরণস্থলে সিআইডি, বম্ব স্কোয়াড এবং পুলিশের বিশেষ দল যৌথভাবে তল্লাশি চালায়। সেই সময় ঘটনাস্থল থেকে আরও কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রের খবর।
তদন্তকারীরা এখন জানতে চাইছেন, ওই বাড়িতে বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিস্ফোরণটি শুধুই দুর্ঘটনা, নাকি এর সঙ্গে কোনও অপরাধচক্র বা নাশকতার যোগ রয়েছে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিস্ফোরকগুলিকে পরীক্ষার জন্য ফরেন্সিক বিশ্লেষণে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
আরও খবর : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটির ‘হিসাব মেলেনি’, লেনদেনের তথ্য চেয়ে ব্যাঙ্ককে চিঠি ইডির
এদিকে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ (Police)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চলছে। নিউ টাউনের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্ফোরক পরীক্ষা করে দেখা হবে। তদন্তের স্বার্থে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
শুক্রবার রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপুরিবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি নিয়ম মেনে ভাড়া দেওয়া হয়নি। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা বড় বিপর্যয় ডেকে আনতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। কীভাবে বিস্ফোরক সেখানে পৌঁছল? কারা ওই বাড়িতে থাকতেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন জোরদার তদন্তে নেমেছে এনআইএ-সহ একাধিক সংস্থা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।







