ওয়েব ডেস্ক : ইভিএমে (EVM) ভোট গণনার পদ্ধতিতে বদলের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোটারদের গোপনীয়তা রক্ষা এবং ভোটের পর তাঁদের উপর সম্ভাব্য হয়রানি বা প্রতিশোধমূলক আচরণ ঠেকাতে বুথভিত্তিক গণনার পরিবর্তে একাধিক বুথের ভোট একসঙ্গে গণনার জন্য ‘টোটালাইজার’ ব্যবহারের বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত’র নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ছিল এই শুনানি। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। ইভিএমের (EVM) ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে ১৯৬১ সালের নির্বাচনী বিধিতে প্রয়োজনীয় সংশোধন সম্ভব কি না, কেন্দ্রের কাছে জানতে চেয়েছে আদালত।
‘টোটালাইজার’ (Totaliser) এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে প্রায় ১৪টি বুথের ভোট একসঙ্গে গণনা করা যায়। বর্তমানে বুথভিত্তিক ফল প্রকাশের ফলে কোনও নির্দিষ্ট বুথে কোন প্রার্থী বা দল কত ভোট পেয়েছে, তা জানা সম্ভব হয়। আবেদনকারীদের বক্তব্য, এর ফলে ভোটারদের রাজনৈতিক পছন্দ সম্পর্কে ধারণা তৈরি হয়ে যেতে পারে এবং পরবর্তী সময়ে তাঁদের উপর চাপ বা প্রতিহিংসার আশঙ্কা থাকে।
আরও খবর : বৃষ্টির তাণ্ডবে উত্তরাখণ্ডে ৭ জনের মৃত্যু, ধস-হড়পা জলে বিপর্যস্ত জনজীবন
আবেদনকারীদের আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় আদালতে জানান, ‘টোটালাইজার’ (Totaliser) চালু হলে ভোট-পরবর্তী হিংসা ও ভোটারদের উপর প্রতিশোধমূলক আচরণের ঝুঁকি কমতে পারে। নির্বাচন কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, ‘টোটালাইজার’ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আপত্তি রয়েছে। কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান, জাতীয় স্তরের ৫০ শতাংশ এবং রাজ্য স্তরের ৬৮ শতাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, নীতিগতভাবে ভোটারের পছন্দ গোপন রাখার ক্ষেত্রে টোটালাইজার (Totaliser) কার্যকর হতে পারে। তবে এটি কার্যকর করার জন্য আইনি ভিত্তি প্রয়োজন। নির্বাচন কমিশনের বক্তব্য, বর্তমান আইনে এই ব্যবস্থার সরাসরি সংস্থান নেই এবং ইভিএমের ভোট একত্রে গণনা করলে ফর্ম ১৭সি-কে কেন্দ্র করে তৈরি বর্তমান নিরীক্ষা ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে। একাধিক ইভিএমের ভোট একত্রে করলে কোনও একটি যন্ত্রে গরমিল থাকলেও তা মোট ফলাফলের মধ্যে ঢাকা পড়ার আশঙ্কা রয়েছে।







