ওয়েব ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতের (Russia-Ukraine War) অবসানে প্রয়োজনে মধ্যস্থতার ভূমিকা নিতে ভারত প্রস্তুত। বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তাঁর কথায়, যুদ্ধ থামাতে ভারত যে কোনওভাবে সাহায্য করতে প্রস্তুত।
কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর (S Jaishankar)। সংঘাতের জেরে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার পাশাপাশি কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টিও আলোচনায় উঠে আসে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতীয় নাবিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রপথে কর্মরত ভারতীয় নাগরিক-সহ অন্যান্য নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে নয়াদিল্লি।
আরও খবর : নেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর ফের কাঁপল তিব্বত, কম্পনের মাত্রা ৫
ভারতের (India) অবস্থান বরাবরই আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধানের পক্ষে। জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যেও সেই অবস্থানই আরও স্পষ্ট হয়েছে। প্রয়োজনে দুই পক্ষের মধ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় ভারত সহযোগিতা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
জয়শঙ্করের এই সফরে ইউক্রেনের পাশাপাশি পোল্যান্ডের সঙ্গেও কূটনৈতিক আলোচনা হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ এবং যুদ্ধের প্রভাব নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভারতের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হচ্ছে।







