ওয়েব ডেস্ক : বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা দিব্যা ভিনেকর (Divya Vinekar)। আলিয়া ভাট ও শেফালি শাহ অভিনীত ‘ডার্লিংস’ ছবিতে মহিলা কনস্টেবলের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন বন্ধু ও সহকর্মী রেডিয়ো জকি রোহিণী রামনাথন। সোশ্যাল আবেগঘন পোস্টে দিব্যার আকস্মিক প্রয়াণের কথা জানান তিনি। দশেরার দিন সেই অভিনেত্রীই মাত্র চল্লিশ বছর বয়সে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হলেন।
দিব্যার (Divya Vinekar) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রোহিণী। তাঁর কথায়, এই ঘটনা ছিল সম্পূর্ণ আকস্মিক ও অপ্রত্যাশিত। প্রয়াত অভিনেত্রীর পরিবার এবং কাছের মানুষদের এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসর দেওয়ার জন্যও সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। রোহিণীর স্মৃতিচারণে উঠে এসেছে দিব্যার ব্যক্তিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
আরও খবর : টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় নয়া মোড়, উত্তরপ্রদেশ থেকে অস্ত্র নিয়ে মুম্বইয়ে দুই মহিলা!
অভিনয়ের পাশাপাশি রেডিয়ো ও ডিজিটাল কনটেন্টের জগতেও কাজ করেছেন দিব্যা। ‘ডার্লিংস’ ছাড়াও বিদ্যা বালন ও শেফালি শাহ অভিনীত ‘জলসা’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
রোহিণী রামনাথন তাঁর পোস্টে দিব্যাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে স্মরণ করেছেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা এবং জ্ঞানের প্রশংসা করে রোহিণী জানিয়েছেন, সহকর্মীদের কাছে দিব্যার অভাব অনুভূত হবে। অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নির্ভরযোগ্যভাবে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।







