ওয়েব ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে নয়া মোড়। এই ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে। ধৃতদের মধ্যে উত্তরপ্রদেশের দুই মহিলা রাধা ও বাবিতার বিরুদ্ধে অস্ত্র মুম্বইয়ে নিয়ে গিয়ে অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনের নাম কুণাল, সুমিত, রাধা ও বাবিতা। তাঁদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে। কুণাল ও সুমিত হরিয়ানার সোনিপতের বাসিন্দা। অন্যদিকে রাধা ও বাবিতা উত্তরপ্রদেশের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, অভিনেতার গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিল তাঁরা।
তদন্তকারীদের দাবি, অন্য একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর কুণালের সঙ্গে অনিল পণ্ডিতের যোগাযোগ হয়। অনিলের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে তাঁদের মধ্যে যোগাযোগ চলত বলে অভিযোগ।
আরও খবর : পশ্চিমবঙ্গে করমুক্ত ‘রামায়ণ’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পুলিশের দাবি, অনিলের নির্দেশে কুণাল অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০টি কার্তুজ জোগাড় করে। পরে রাধাকে অস্ত্র মুম্বইয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। গত ১৫ অক্টোবর কুণাল রাধা ও বাবিতাকে নয়াদিল্লি রেল স্টেশনে পৌঁছে দেয়। সেখান থেকে ট্রেনে মুম্বই রওনা হয় দুই মহিলা। অভিযোগ, রাধার ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল পিস্তলটি। যাত্রাপথে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখে কুণাল।
১৭ অক্টোবর মুম্বইয়ের দাদর স্টেশনে পৌঁছে একটি হোটেলে ওঠে রাধা ও বাবিতা। তদন্তকারীদের দাবি, সেদিন সকাল ১১টা নাগাদ এক নাবালক হোটেলের কাছে এসে রাধার কাছ থেকে ব্যাগটি নিয়ে যায়। পরের দিন, ১৮ অক্টোবর সন্ধ্যা সাতটা নাগাদ টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
ঘটনার পর হামলায় জড়িত অভিযুক্তরা মুম্বইয়ে আটকে পড়ে বলে অনিল পণ্ডিত কুণালকে জানায়। তাঁদের পালানোর ব্যবস্থা করতে বলা হয় বলে তদন্তকারীদের দাবি। ওই দিনই রাধা ও বাবিতা দাদর থেকে হরিদ্বার এক্সপ্রেসে দিল্লির উদ্দেশে রওনা দেয়। ২০ অক্টোবর নয়াদিল্লি স্টেশনে তাঁদের আটক করা হয়। অন্যদিকে হরিয়ানার সোনিপত থেকে গ্রেফতার করা হয় কুণাল ও সুমিতকে।
এদিকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হৃতিক, রেহান ও ফুল সিংকে রাজস্থানের কোটা থেকে একটি ট্রেনে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অস্ত্র সরবরাহ থেকে হামলা এবং অভিযুক্তদের পালানোর পরিকল্পনা—পুরো ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







