ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার জেলায় নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম রাশপাল কুমার (৪০) এবং বাবি চাঁদ (৫৪)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টহল দেওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তাঁদের সঙ্গে থাকা অস্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিস্তওয়ারের দুর্গম দাচ্ছন-মারওয়াহ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে টহলদারিতে ছিলেন ওই দুই পুলিশকর্মী। দায়িত্বে থাকা দুই সহকর্মীকে বদলি করতে তাঁরা ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এলাকায় গুলির শব্দ শোনা যাওয়ায় উদ্বেগ আরও বাড়ে। প্রথমদিকে দু’জনের মোবাইল ফোন চালু থাকলেও পরবর্তীতে সেগুলি বন্ধ হয়ে যায়। এরপরই পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।
আরও খবর : শ্লীলতাহানির প্রতিবাদ করতেই চলন্ত ট্রেনের সামনে ধাক্কা! কাটা পড়ল মহিলার বাঁ হাত
উদ্ধার হওয়া দেহ দু’টির একটিতে মাথায় এবং অন্যটিতে পিঠে গুলির ক্ষত পাওয়া গিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলার পর আততায়ীরা দুই পুলিশকর্মীর অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে আশপাশের এলাকায় তল্লাশি আরও জোরদার করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।
উল্লেখ্য, কিস্তওয়ারের জঙ্গলঘেরা প্রত্যন্ত এলাকাগুলিতে জঙ্গি কার্যকলাপ দমনে দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। গত ১৬ অক্টোবরও এই জেলায় বশির আহমেদ নামে এক পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছিল। তবে তদন্তে জানা যায়, জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁর আত্মীয়রাই তাঁকে খুন করেছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই ফের দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।







