HomeScroll২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দু’বার দুর্গাপুজো? পঞ্জিকার গণনায় চর্চা তুঙ্গে
2028 Durga Puja

২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দু’বার দুর্গাপুজো? পঞ্জিকার গণনায় চর্চা তুঙ্গে

বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্যসিদ্ধান্তের হিসাবের ফারাক ঘিরে আলোচনা, তবে পুজোর নির্ঘণ্ট নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়

ওয়েব ডেস্ক : ২০২৬ সালের দুর্গাপুজো (Durga Puja 2028) শেষ হতে না হতেই নজর ঘুরছে ২০২৮ সালের দিকে। সেই বছর কি মাত্র ১৫ দিনের ব্যবধানে দু’বার দুর্গাপুজো হতে পারে? পঞ্জিকার গণনায় সম্ভাব্য তারিখের ব্যবধান ঘিরে এমনই আলোচনা শুরু হয়েছে।

বাংলায় পঞ্জিকা তৈরির ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং সূর্যসিদ্ধান্ত—এই দুই পদ্ধতি অনুসরণ করা হয়। গণনার পদ্ধতি আলাদা হওয়ায় তিথি ও পুজোর দিন নির্ধারণে কখনও পার্থক্য দেখা দিতে পারে। ২০২৮ সালের দুর্গাপুজো ঘিরে আলোচনার মূল কারণও এই সম্ভাব্য ব্যবধান। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পুজো হয়। অন্যদিকে, বহু বারোয়ারি পুজোয় অনুসরণ করা হয় সূর্যসিদ্ধান্তের পঞ্জিকা। ফলে দুই পদ্ধতিতে তারিখ আলাদা হলে পুজোর সময়েও ফারাক দেখা দিতে পারে।

আরও খবর : সূর্যকিরণ হাউজিং কমপ্লেক্সে ২৪ বছরের দুর্গাপুজো, ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে উৎসব

অতীতেও এমন পরিস্থিতির নজির রয়েছে বলে পঞ্জিকা-সংক্রান্ত আলোচনায় উঠে আসছে ১৯৮০ সালের কথা। উল্লেখ্য, ১৯৮০ সালেও দু’টি সিদ্ধান্ত মতে দু’বার দুর্গাপুজো হয়েছিল। তখন দু’টো পুজোর ব্যবধান ছিল এক মাসের। তবে ২০২৮ সালে ঠিক কী হবে, তা নির্ভর করছে চূড়ান্ত গণনা ও প্রকাশিত পঞ্জিকার উপর।

সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারীর বক্তব্য অনুযায়ী, দুই পদ্ধতিতে পুজোর তারিখ আলাদা হলেও তা নিয়ে বিরোধের কারণ নেই। অন্যদিকে, গুপ্ত প্রেসের অরিজিৎ রায়চৌধুরী জানিয়েছেন, ২০২৮ সালের নির্ঘণ্ট নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়, কারণ বর্তমানে ২০২৭ সালের গণনার কাজ চলছে।

শাস্ত্রজ্ঞদের মতে, বারোয়ারি পুজো সূর্যসিদ্ধান্ত মেনে হয় বলে আশির দশকে জ্যোতি বসুও সেই অনুযায়ীই ছুটি ঘোষণা করেছিলেন। সেই নজির ধরলে ২০২৮-এও পড়ুয়ারা আশ্বিন মাসেই পুজোর ছুটি পাবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News