HomeScrollপুরু বরফের চাদরে ঢাকল পূর্ব সিকিম, আটকে ৩০০-র বেশি গাড়ি! রাতভর অভিযান...
Sikkim

পুরু বরফের চাদরে ঢাকল পূর্ব সিকিম, আটকে ৩০০-র বেশি গাড়ি! রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০০০ পর্যটককে উদ্ধার সেনার

কলকাতা: ফের প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত পূর্ব সিকিমের জনজীবন। বরফের পুরু আস্তরণে ঢেকে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। এর জেরে নাথু-লা, শেরথাং, বাবা ধাম ও ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় আটকে পড়েন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। তিনশোরও বেশি গাড়ি বরফের মধ্যে আটকে পড়ায় তৈরি হয় চরম আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনা। সেনাবাহিনী, পুলিশ ও সিকিম প্রশাসনের যৌথ তৎপরতায় প্রায় এক হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

সিকিম প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে শুরু হয় তুষারপাত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের তীব্রতাও বাড়তে থাকে। একসময় রাস্তার উপর প্রায় এক ফুট গভীর বরফ জমে যায়। বিশেষ করে শেরথাং চেকপোস্ট এবং জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মধ্যবর্তী থুলা খোলা এলাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

বরফ জমে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। তার উপর ‘ব্ল্যাক আইস’ বা বরফের স্বচ্ছ পিচ্ছিল স্তর তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। ফলে পর্যটক বোঝাই গাড়িগুলি আর এগোতে পারেনি। বিভিন্ন জায়গায় আটকে পড়েন কয়েকশো পর্যটক ও স্থানীয় বাসিন্দা। তীব্র ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

খবর পেয়েই বৃহস্পতিবার বিকেলের পর বিশেষ উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। প্রতিকূল আবহাওয়া ও প্রবল তুষারপাত উপেক্ষা করে নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। সেনাবাহিনীর তরফে তিনশোরও বেশি আটকে থাকা গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় আড়াইশোটি ছিল পর্যটকদের গাড়ি।

শুধু পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনাই নয়, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থাও করেন সেনা জওয়ানরা। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ছাউনিতে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তাঁদের জন্য গরম খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়। এমনকী পর্যটকদের বিশ্রামের জন্য নিজেদের ব্যারাকও ছেড়ে দেন সেনা জওয়ানরা।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে ৯০০-রও বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর তাঁদের নিরাপদে গ্যাংটকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও ভারী তুষারপাতের জেরে পূর্ব সিকিমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সেবারও সেনাবাহিনীর তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছিল। শীতের মরশুমের শুরুতেই ফের একই পরিস্থিতি তৈরি হওয়ায় পাহাড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News