HomeScrollরাজ্যে ফের এনকাউন্টার! রতন শেখের মৃত্যুতে অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikari

রাজ্যে ফের এনকাউন্টার! রতন শেখের মৃত্যুতে অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি শুভেন্দুর

পুলিশের গুলিতে মৃত্যু কনস্টেবলকে গুলি করার ঘটনায় ধৃত অভিযুক্তের। ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, অপরাধ দমনে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা।

ওয়েব ডেস্ক : শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় ধৃত রতন শেখের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে। রবিবার গ্রেফতারের খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার এলাকায় গুলির লড়াইয়ের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। অভিযুক্তের মৃত্যুর পর অপরাধ দমনে আরও কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর স্পষ্ট বক্তব্য, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে ঘটনাস্থলেই পুলিশ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুষ্কৃতীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, বাংলায় অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

আরও খবর :  ৭৭০ জন আদিবাসীর হাতে জমির পাট্টা, ঝাড়গ্রামে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশের কাছে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। খবরের ভিত্তিতে তাকে ধরতে অভিযানে যান শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। তাঁরা সাদা পোশাকে মোটরবাইকে করে প্রান্তিক আউটপোস্ট থেকে ওই এলাকায় পৌঁছন। অভিযোগ, রতনকে ধরার চেষ্টা চলাকালীন আগ্নেয়াস্ত্র বের করে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় সে। গুলিবিদ্ধ হন ওই পুলিশকর্মী।আহত বিশ্বজিৎ দাসকে দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার রাতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি আশ্বাস দিয়েছিলেন, পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় দোষীকে রেয়াত করা হবে না। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার দুপুরে গ্রেফতার হয় রতন শেখ।

তবে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তার এনকাউন্টারে মৃত্যুর খবর সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে। কোথায় এবং কী পরিস্থিতিতে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই নিয়ে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে । ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। এবারও তাঁর বার্তা, পুলিশকে আক্রমণ করলে কঠোর জবাব দেওয়া হবে। অপরাধ দমনে প্রশাসনের অবস্থান যে কঠোরই থাকছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News