HomeScrollমাত্র ১০০ টাকা কালীপুজোর চাঁদা না দেওয়ায় আগুন! পুড়ে ছাই মৎস্যজীবীর মাছের...
Hasnabad

মাত্র ১০০ টাকা কালীপুজোর চাঁদা না দেওয়ায় আগুন! পুড়ে ছাই মৎস্যজীবীর মাছের ভেড়ির ঘর

হাসনাবাদের বেদেমারি এলাকায় অরুণ নায়েকের মাছের ভেড়ির আলা ঘরে আগুন লাগানোর অভিযোগ। নষ্ট মাছের খাবার, জাল-সহ একাধিক সামগ্রী। অভিযোগের তির বিজেপি কর্মীদের দিকে, তদন্তের দাবি রেখা পাত্রের।

ওয়েব ডেস্ক : মাত্র ১০০ টাকা কালীপুজোর চাঁদা না দেওয়ার জেরে মৎস্যজীবীর মাছের ভেড়ির ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ (Hasnabad) থানার ভবানীপুর ২ নম্বর পঞ্চায়েতের বেদেমারি এলাকার ঘটনা। অভিযোগকারী মৎস্যচাষী অরুণ নায়েকের দাবি, গভীর রাতে তাঁর মাছের ভেড়ির আলা ঘরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে মাছের খাবার, মাছ ধরার বিভিন্ন ধরনের জাল এবং ভেড়িতে ব্যবহৃত একাধিক সামগ্রী।

অরুণ নায়েকের অভিযোগ, কালীপুজোর চাঁদা হিসেবে ১০০ টাকা না দেওয়ায় রাতে তাঁর বাড়িতে এসে গালিগালাজ করা হয়। এরপর তাঁর মাছের ভেড়িতে গিয়ে আলা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি তাঁর। এই ঘটনায় বিজেপি কর্মী ভবতোষ রায় ও লিপ্টন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। যদিও অভিযুক্তদের বক্তব্য এই অভিযোগে পাওয়া যায়নি।

আরও খবর :  ইটভাটায় অস্ত্র উদ্ধারে গিয়ে গুলির লড়াই, রতনের ‘এনকাউন্টার’ নিয়ে পুলিশের বয়ান

ঘটনা নিয়ে মুখ খুলেছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর দাবি, অভিযুক্ত ভবতোষ রায় ও লিপ্টন ভূঁইয়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপিতে যোগ দিয়েছেন। আগে তাঁরা তৃণমূল করতেন বলেও দাবি করেন তিনি।

রেখা পাত্রের বক্তব্য, বিজেপির নাম ব্যবহার করে কেউ তোলাবাজি করলে দল তা বরদাস্ত করবে না। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলে জানিয়েছেন তিনি। দলীয় স্তরে ব্যবস্থা না হলে নিজেই থানায় অভিযোগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।

[youtube-feed feed=1]
Read More

Latest News