কলকাতা: কলকাতার রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিশেষ করে দক্ষিণ কলকাতার পার্কিং সমস্যা নিয়ে শুনানি চলাকালীন শহরে পার্কোম্যাট তৈরির প্রস্তাব দিলেন প্রধান বিচারপতি। মুম্বইয়ের ধাঁচে বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শও দিয়েছেন তিনি।
কলকাতা শহরের পার্কিং সমস্যা ক্রমশ গুরুতর হয়ে উঠছে। রাস্তার দু’ধারে গাড়ি, বাস ও লরি দাঁড় করিয়ে রাখার ফলে বাড়ছে যানজট। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। শহরের পার্কিং সমস্যার সমাধানে পার্কোম্যাট তৈরির প্রস্তাব দিলেন প্রধান বিচারপতি। বিশেষ করে দক্ষিণ কলকাতার মতো ব্যস্ত এলাকায় বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি।
আলিপুর রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে পার্কিং সমস্যা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি চলছিল আদালতে। সেই সময় বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মোটর ভেহিকল আইন অনুযায়ী, গাড়ি কেনার ক্ষেত্রে উপযুক্ত গ্যারেজ বা পার্কিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। রাস্তার উপর যত্রতত্র গাড়ি রাখা আইনসম্মত নয়। বাস, লরি-সহ সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাস্তবে রাতের কলকাতায় রাস্তার দু’ধারে ব্যক্তিগত গাড়ি, বাস এমনকি লরিও পার্ক করে রাখা হয়। এই সমস্যা মোকাবিলায় বিভিন্ন জায়গায় নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করে দুই, তিন কিংবা পাঁচতলাবিশিষ্ট বহুতল পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। তাতে রাস্তার উপর গাড়ির চাপ কমবে এবং যানজটের সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।
আদালতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যও স্বীকার করেন, কলকাতা শহরে পার্কিং সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানে কলকাতা পুরসভার তরফে একটি পরিকল্পনা তৈরির চিন্তাভাবনা চলছে।
শুনানিতে প্রধান বিচারপতি বলেন, পার্কিং সমস্যা শুধু কলকাতার নয়, দেশের একাধিক বড় শহরেই এই সমস্যা রয়েছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল এবং টাটা ক্যানসার হাসপাতালের মতো প্রতিষ্ঠানের সামনেও একসময় পার্কিং সমস্যা ছিল। সেখানে পার্কোম্যাট তৈরি করে গাড়ি রাখার পাশাপাশি মানুষের যাতায়াতের জন্য উপর দিয়ে চলাচলের ব্যবস্থাও করা হয়েছে।
প্রধান বিচারপতির মতে, কলকাতার ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী একই ধরনের পরিকাঠামো গড়ে তোলা যেতে পারে। কলকাতা পুরসভাকে এই ধরনের পার্কিং ব্যবস্থা তৈরির বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দিয়েছেন তিনি। এখন দেখার, শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যা মেটাতে পুরসভা কী পদক্ষেপ করে।







