ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তার প্রভাব পুরোপুরি কাটেনি। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। মুর্শিদাবাদে দুপুরের পর ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাতেও মাঝেমধ্যে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগের দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে।
রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমার সম্ভাবনা। আকাশ মেঘলা থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সোমবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির প্রভাব থাকতে পারে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। অসময়ের বৃষ্টিতে কৃষিক্ষেত্রে ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।
বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কমে গিয়েছিল। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তা ফের স্বাভাবিকের কাছাকাছি পৌঁছতে পারে। মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। শুক্রবারের মধ্যে বিভিন্ন জেলায় পারদ ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। অন্যদিকে, বৃষ্টির পর কলকাতার বায়ুদূষণের মাত্রাও অনেকটা কমেছে। নিম্নচাপের প্রভাবে ২১ নভেম্বর পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।







