HomeScrollএআই নিয়ে যতই আলোচনা হোক, দক্ষ মানুষের রোজগার কেড়ে নিতে পারবে না...
PM Modi

এআই নিয়ে যতই আলোচনা হোক, দক্ষ মানুষের রোজগার কেড়ে নিতে পারবে না কেউ: মোদি

শংসাপত্রের চেয়ে দক্ষতার কদর বাড়বে, ২০২৭ সালে গ্রেটার নয়ডায় বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করবে ভারত

ওয়েব ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। প্রযুক্তির অগ্রগতিতে কাজের বাজারে কী প্রভাব পড়বে, তা নিয়েও চলছে আলোচনা। তবে দক্ষতা থাকলে কোনও প্রযুক্তিই মানুষের জীবিকা কেড়ে নিতে পারবে না বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর মতে, আগামী দিনে শুধু শিক্ষাগত শংসাপত্র নয়, কাজের দক্ষতা ও প্রতিভার ভিত্তিতেই মানুষের মূল্যায়ন হবে। ভারতকে বিশ্বের দক্ষতার রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এগোচ্ছে কেন্দ্র।

শনিবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তোলেন। মোদির অভিযোগ, আক্রমণকারীরা ভারতের শিল্প ও কারিগরদের দক্ষতা ধ্বংস করার চেষ্টা করেছিল। পরে ব্রিটিশ শাসনকালে টমাস ম্যাকলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেরানি তৈরির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। স্বাধীনতার পরেও দীর্ঘদিন সেই মানসিকতা বজায় ছিল বলে মন্তব্য করেন তিনি।

আরও খবর :  উদ্বোধনী অনুষ্ঠানে তেজস্বীকে আমন্ত্রণ নয়, নীতীশ সেতুতে বিক্ষোভ আরজেডি কর্মীদের

ভারতের ঐতিহ্যবাহী শিল্পের উদাহরণ দিতে গিয়ে চিকনকারি, মসলিন, বেনারসি ও কাঞ্চিপুরমের রেশম, কাশ্মীরি পশমিনা এবং কলমকারির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, একসময় এই ধরনের শিল্পকর্মই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পরিচয় তৈরি করেছিল। দক্ষ কর্মীদের যথাযথ সম্মান না দিলে একুশ শতকে দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও জানান তিনি। আইআইটি পড়ুয়াদের মতো আইটিআই প্রশিক্ষণপ্রাপ্তদেরও সমান মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করেন মোদি। তাঁর মতে, বড় শিল্পপ্রতিষ্ঠান চালাতে শুধু ডিগ্রিধারী নয়, বিপুল সংখ্যক প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন।

দক্ষতা উন্নয়নে গত এক দশকে প্রায় ৫ হাজার নতুন আইটিআই তৈরি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, আইটিআইয়ে পড়ুয়াদের সংখ্যা ৫ লক্ষেরও বেশি বেড়েছে। ছাত্রীদের সংখ্যা বেড়েছে আড়াই গুণেরও বেশি। পাশাপাশি ২০২৭ সালের ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ভারতে আয়োজনের ঘোষণা করেন তিনি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বসবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর। রাজ্যে মোবাইল ও সেমিকন্ডাক্টর উৎপাদন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী।

[youtube-feed feed=1]
Read More

Latest News