ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা বা WBSEDCL-এর গ্রাহকদের জন্য বদলাতে চলেছে দীর্ঘদিনের বিলিং ব্যবস্থা। আর তিন মাস অন্তর নয়, এবার থেকে প্রতি মাসেই বিদ্যুতের বিল পাঠানো হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিদ্যুৎ দফতরের কর্মীরা প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেবেন। সেই অনুযায়ী তৈরি হবে মাসিক বিল।
এতদিন WBSEDCL-এর আওতায় থাকা গ্রাহকদের তিন মাসের বিদ্যুৎ খরচ একসঙ্গে মেটাতে হত। ফলে একবারে তুলনামূলক বেশি টাকা জমা দেওয়ার চাপ তৈরি হত অনেক পরিবারের উপর। সেই সমস্যা ও গ্রাহকদের দাবি বিবেচনা করেই ত্রৈমাসিক বিলিংয়ের পরিবর্তে মাসিক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কলকাতার CESC এলাকায় আগে থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।
আরও খবর : রাজ্যে ১০ হাজার ১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ১৯৫৫ সাল থেকে WBSEDCL এলাকায় তিন মাস অন্তর বিল পাঠানোর নিয়ম চলে আসছে। ২০২১ সালে এই ব্যবস্থার পরিবর্তন করে মাসিক বিল চালুর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার ২০২৭ সালের জানুয়ারি থেকে সেই নিয়ম বদলাতে চলেছে।







