HomeScroll২০১৮ সালের মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
Dhruv Rathee

২০১৮ সালের মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

বিজেপির আইটি সেলকে ঘিরে ইউটিউব ভিডিওয় অভিযোগ, আদালতে হাজিরা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ

ওয়েব ডেস্ক : ২০১৮ সালের একটি মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির (Dhruv Rathee) বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত। সোমবার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অনাম রইস খান এই নির্দেশ দেন। বিজেপির আইটি সেলের বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব। সেই ভিডিওকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন বিকাশ পাণ্ডে ওরফে বিকাশ সংক্রান্ত্যায়ন।

২০১৮ সালের মে মাসে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করেছিলেন ধ্রুব রাঠি। সেখানে তাঁর অভিযোগ ছিল, তাঁকে বদনাম করার উদ্দেশ্যে বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল বিজেপির আইটি সেল। অন্যদিকে, বিকাশের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে তাঁর সম্মানহানি হয়েছে। তিনি নিজেকে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে একটি ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা বলেও পরিচয় দিয়েছেন। পরে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ভিডিওটি শেয়ার করেছিলেন। তাঁর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করেন বিকাশ।

আরও খবর :  কলকাতা-সহ ৭ পুরসভার ভোট কি আরও পিছোবে? ওয়ার্ড বিন্যাস মামলায় বুধবার ফের শুনানি সুপ্রিম কোর্টে

এই মামলায় এর আগে ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু আদালতে তাঁর উপস্থিতি নিশ্চিত করা এবং পরোয়ানা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ায় এবার জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, জামিন অযোগ্য পরোয়ানা জারি হওয়া মানেই অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। আদালতে তাঁর উপস্থিতি নিশ্চিত করার জন্যই এই আইনি পদক্ষেপ।

আগামী ৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সাকেত আদালতে। জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি সম্প্রতি ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রতিবাদের কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন। বেঙ্গালুরুতে বিক্ষোভে যোগ দেওয়ার পর দিল্লিতে কর্মসূচির আগে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করেছিল পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News