HomeScrollআরজি কর কাণ্ডে দেহ দ্রুত দাহের অভিযোগ, নির্মল-সঞ্জীবের জামিন বাতিলের আর্জি খারিজ...
RG Kar Case

আরজি কর কাণ্ডে দেহ দ্রুত দাহের অভিযোগ, নির্মল-সঞ্জীবের জামিন বাতিলের আর্জি খারিজ শিয়ালদহ আদালতে

আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেহ দ্রুত দাহ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন খারিজ করল শিয়ালদহ আদালত। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

 

শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির ছিলেন পানিহাটির প্রাক্তন ও বর্তমান বিধায়ক। অন্যদিকে, অভিযুক্ত সোমনাথ দে-কে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়। খড়দহ থানায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে নির্মল ও সঞ্জীব বর্তমানে জামিনে রয়েছেন।

 

নির্যাতিতার মা তথা পানিহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথের অভিযোগ, পরিবারের তরফে দেহের দ্বিতীয় দফার ময়নাতদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু তার আগেই দ্রুত দেহ দাহ করে দেওয়া হয়। পরিবারের আইনজীবীদের দাবি, অভিযুক্তেরা ষড়যন্ত্র করে দেহ দ্রুত দাহ করার ব্যবস্থা করেছিলেন। প্রত্যেক অভিযুক্তের ভূমিকা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও আদালতে সওয়াল করেন তাঁরা।

 

পরিবারের আইনজীবীদের বক্তব্য, আরজি করের মতো সরকারি হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। সেই ঘটনার সম্পূর্ণ সত্য উদ্ঘাটনের জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করা প্রয়োজন। তাঁদের দাবি, দেহ দ্রুত দাহ সংক্রান্ত তদন্তে পুলিশি হেফাজতের নির্দিষ্ট মেয়াদও তখনও শেষ হয়নি।

 

অন্যদিকে, তদন্তকারী আধিকারিক এবং সিবিআইয়ের আইনজীবীরা আদালতে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত এমন কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে অভিযুক্তদের সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত করা যায়।

 

নির্মল ঘোষের আইনজীবীর বক্তব্য, তদন্তকারী সংস্থা একাধিকবার তলব করলেও তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রহণযোগ্য কোনও তথ্য পাওয়া যায়নি। দু’পক্ষের বক্তব্য শোনার পর জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় আদালত।

[youtube-feed feed=1]
Read More

Latest News