ওয়েব ডেস্ক : কলকাতার নামকরণ নীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শহরের কয়েকটি মেট্রো স্টেশনের (Kolkata metro stations) বর্তমান নাম নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছে রাজ্য সরকারের তৈরি নামকরণ কমিটি। সেই সমস্যা দূর করতে স্টেশনগুলির নাম সংশ্লিষ্ট এলাকার পরিচিতির সঙ্গে মিলিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার কলকাতা পুরসভায় কমিটির প্রথম বৈঠক বসে। চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে মোট ১০ জন সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন-সহ অন্য সদস্যরা। বৈঠকে মেট্রো স্টেশনের নাম নিয়ে যাত্রীদের বিভ্রান্তির বিষয়টি গুরুত্ব পায়।
আরও খবর : আরজি কর কাণ্ডে দেহ দ্রুত দাহের অভিযোগ, নির্মল-সঞ্জীবের জামিন বাতিলের আর্জি খারিজ শিয়ালদহ আদালতে
বৈঠক শেষে তথাগত রায় জানান, কয়েকটি স্টেশনের নামের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পরিচিতির সরাসরি যোগ না থাকায় যাত্রীদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাই স্থানীয় এলাকার নাম অনুসারে স্টেশনগুলির নামকরণের পক্ষে মত দিয়েছে কমিটি। এ বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। তবে কোন কোন স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
শুধু মেট্রো স্টেশন নয়, কলকাতার রাস্তার নাম নিয়েও বড় পরিকল্পনা রয়েছে কমিটির। প্রথম পর্যায়ে শহরের ১৬টি রাস্তার নাম বদলের প্রস্তাব বিবেচনায় রয়েছে। কমিটির আলোচনায় উঠে এসেছে, ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন বিদেশি ব্যক্তিত্বদের নামে থাকা কয়েকটি রাস্তার নাম পরিবর্তন করা হতে পারে। সেই তালিকায় রয়েছে লেনিন সরণি এবং হো চি মিন সরণির মতো নাম। পরিবর্তে ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের নাম দেওয়ার ভাবনা রয়েছে। সম্ভাব্য নামের তালিকা ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের মতামত পাওয়ার পর নাম চূড়ান্ত করে রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। পরবর্তী পর্যায়ে বিধানসভায় নাম পরিবর্তনের প্রস্তাব আনতে পারে সরকার।







