HomeBig newsউত্তরপ্রদেশে ১২০! ডিলিমিটেশনের পর কোন রাজ্যে কত আসন?
Delimitation 2026

উত্তরপ্রদেশে ১২০! ডিলিমিটেশনের পর কোন রাজ্যে কত আসন?

লোকসভায় আসন বাড়তে পারে ৫০ শতাংশ, ৮০ থেকে বেড়ে উত্তরপ্রদেশে হতে পারে ১২০! বাংলার আসনও ৪২ থেকে বেড়ে ৬৩ হওয়ার সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ডিলিমিটেশন (Delimitation) বা আসন পুনর্বিন্যাস কার্যকর হলে দেশের সংসদীয় রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই হিসাব কার্যকর হলে বর্তমানে ৫৪৩ আসনের লোকসভা বেড়ে হতে পারে ৮১৬ সদস্যের। প্রস্তাবিত তালিকায় সবচেয়ে বেশি আসন পেতে পারে উত্তরপ্রদেশ। ৮০টি আসন বেড়ে সেখানে সংখ্যা দাঁড়াতে পারে ১২০। পশ্চিমবঙ্গেও বর্তমান ৪২টি আসন বেড়ে ৬৩ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত ডিলিমিটেশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে সংবিধানের ১৩২তম সংশোধনী বিল এবং ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল পেশ করার প্রস্তুতি চলছে। প্রস্তাবের মূল লক্ষ্য, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন প্রায় ৫০ শতাংশ বাড়ানো। তবে রাজ্যগুলির মধ্যে আসন ভাগের অনুপাত যাতে বড়ভাবে বদলে না যায়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

প্রস্তাবিত হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশের আসন ৮০ থেকে বেড়ে ১২০ হতে পারে। মহারাষ্ট্রে ৪৮ থেকে ৭২, পশ্চিমবঙ্গে ৪২ থেকে ৬৩ এবং বিহারে ৪০ থেকে ৬০ আসন হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে। মধ্যপ্রদেশে ২৯ থেকে ৪৪, কর্নাটকে ২৮ থেকে ৪২ এবং গুজরাটে ২৬ থেকে ৩৯ আসনের প্রস্তাব রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে ২৫ থেকে ৩৮, ওড়িশায় ২১ থেকে ৩২ এবং কেরলে ২০ থেকে ৩০ আসন হতে পারে।

এছাড়া তেলঙ্গানার আসন ১৭ থেকে বেড়ে ২৬, অসম ও ঝাড়খণ্ডে ১৪ থেকে ২১, পাঞ্জাবে ১৩ থেকে ২০ এবং ছত্তিশগড়ে ১১ থেকে ১৭ হওয়ার সম্ভাবনা রয়েছে। হরিয়ানায় ১০ থেকে বেড়ে ১৫ হতে পারে লোকসভা আসন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে ৭ থেকে ১১, জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে ৫ থেকে ৮ এবং হিমাচল প্রদেশে ৪ থেকে ৬ আসন হওয়ার প্রস্তাব রয়েছে। অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরায় ২ থেকে বেড়ে ৩টি আসন হতে পারে।

আরও খবর :  আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের খোলা চিঠি দিল ককরোচ জনতা পার্টি

তবে সব রাজ্যের ক্ষেত্রে আসন বৃদ্ধির অঙ্ক একরকম নয়। মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, পুদুচেরি, চণ্ডীগড়, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মতো যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে একটি করে আসন রয়েছে, সেখানে সংখ্যা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আবার তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের মতো বিজোড় আসন থাকা রাজ্যগুলিতে ৫০ শতাংশ বৃদ্ধির হিসাব করতে গিয়ে ভগ্নাংশের সমস্যা তৈরি হচ্ছে। ফলে চূড়ান্ত আসন বণ্টনে কী পদ্ধতি নেওয়া হবে, তা এখনও নির্ভর করছে বিলের বিধানের উপর।

এই আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত রয়েছে মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টিও। ২০২৩ সালের নারীশক্তি বন্দন অধিনিয়ম অনুযায়ী, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা রয়েছে। কেন্দ্রের পরিকল্পনা, নতুন আসন কাঠামোর মাধ্যমে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই সংরক্ষণ কার্যকর করা। প্রস্তাবে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত আরও ২৫ বছর ধরে রাখার কথাও রয়েছে। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির আসন ভাগের অনুপাত বজায় রেখে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News