HomeBig newsআসন বাড়ানোর অঙ্ক প্রস্তুত, এবার সংসদে বিল পেশের অপেক্ষা! সুপারিশ রাষ্ট্রপতির
Delimitation Bill

আসন বাড়ানোর অঙ্ক প্রস্তুত, এবার সংসদে বিল পেশের অপেক্ষা! সুপারিশ রাষ্ট্রপতির

৫৪৩ থেকে ৮১৬ হতে পারে লোকসভার আসন, ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে বিল পেশের প্রস্তুতি

ওয়েব ডেস্ক : লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল পেশের পথ আরও প্রশস্ত হল। সংশোধিত আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬ নিয়ে লোকসভায় আলোচনার সুপারিশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ মেনে শনিবার এই সুপারিশ করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে বিলটি পেশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করল কেন্দ্র। অন্যদিকে, নতুন কাঠামোয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসনসংখ্যা কত হবে, তার হিসাবও প্রকাশ্যে এনেছে সরকার।

লোকসভা সচিবালয়ের শনিবারের বুলেটিনে রাষ্ট্রপতির সুপারিশের কথা জানানো হয়েছে। এর আগে ২৭ নভেম্বর কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার সচিব-জেনারেলকে চিঠি পাঠিয়েছিলেন। সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও বিল কার্যকর হলে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের বিষয় জড়িত থাকলে সংসদে তা বিবেচনার জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন। সেই সাংবিধানিক শর্ত পূরণ হওয়ায় এবার বিলটি সংসদে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হল।

এর আগেই সংশোধিত বিলের প্যাকেজে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্যাকেজে রয়েছে সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬, আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইন সংশোধনী বিল। নতুন প্রস্তাবে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৮৫০ এবং রাজ্য বিধানসভাগুলির সর্বোচ্চ আসনসংখ্যা ৫০০ থেকে বেড়ে ৬৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও খবর :  ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে লড়াই, ২৮ সাংসদকে হাজিরার নির্দেশ অভিষেকের

সরকারের প্রকাশিত সম্ভাব্য হিসাব অনুযায়ী, লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হতে পারে। উত্তরপ্রদেশে ৮০ থেকে বেড়ে ১২০, মহারাষ্ট্রে ৪৮ থেকে ৭২ এবং পশ্চিমবঙ্গে ৪২ থেকে ৬৩টি আসনের প্রস্তাব রয়েছে। বিহারে ৪০ থেকে ৬০ এবং তামিলনাড়ুতে ৩৯ থেকে ৫৯টি আসন হতে পারে। অর্থাৎ, শুধু আসন বাড়ানো নয়, কোন রাজ্যে কতগুলি আসন থাকবে, তার অঙ্কও সাজিয়ে রেখেছে কেন্দ্র।

নতুন প্রস্তাবে আসন পুনর্বিন্যাসের জন্য ২০১১ সালের জনগণনার তথ্যকে ভিত্তি করার কথা বলা হয়েছে। পাশাপাশি, রাজ্যগুলির মধ্যে লোকসভার আসন বণ্টনের বিদ্যমান অনুপাত ২০৫১ সালের পর প্রথম জনগণনার প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রকাশিত না হওয়া পর্যন্ত বজায় রাখার পরিকল্পনা রয়েছে। এই সংশোধিত কাঠামোর সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার বিষয়টিও যুক্ত। কেন্দ্রের লক্ষ্য, নতুন ব্যবস্থার মাধ্যমে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ কার্যকর করা। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত লোকসভায় বিশেষ অধিবেশন চলার কথা। ২ ডিসেম্বর থেকে ফের বসবে রাজ্যসভা। এই অধিবেশনে সংশোধিত বিলগুলি পেশ ও আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার।

[youtube-feed feed=1]
Read More

Latest News