ওয়েব ডেস্ক : সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। লোকসভা ও রাজ্যসভায় আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পেশের প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি চলছে। বিল পেশের জন্য প্রয়োজনীয় সমর্থন এনডিএ শিবিরের হাতে রয়েছে বলেই জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। অন্যদিকে, প্রস্তাবিত বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তবে এই পরিস্থিতিতে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal) সংসদে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
প্রতিমা মণ্ডল বর্তমানে কালীঘাটের তৃণমূল শিবিরেই রয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। তাঁরা বর্তমানে এনডিএ শিবিরের সঙ্গে রয়েছেন। এই আবহে প্রতিমার অবস্থান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রবিবারও তিনি নিজের এলাকায় রয়েছেন বলে খবর। তাঁর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, অসুস্থ মা সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে মাকে একা রেখে দিল্লি যাত্রা করা নিয়ে সমস্যায় রয়েছেন সাংসদ।
আরও খবর : শীতের পথে ফের বাধা ঘূর্ণাবর্ত! তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, কবে ফিরবে জাঁকিয়ে ঠান্ডা?
এদিকে, প্রতিমা মণ্ডলকে দিল্লি যাওয়া থেকে বিরত রাখতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। তাঁদের দাবি, গত কয়েক দিনে সাংসদের ঘনিষ্ঠ তিনজনকে পুলিশ আটক করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রতিমা নিজে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। তিনি জানিয়েছেন, বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে রয়েছেন। তাঁর কথায়, এখনই দিল্লি যাবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
জানা গিয়েছে, শুক্রবার প্রতিমা মণ্ডলের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সোমবার সংসদে তিনি হাজির হবেন কি না এবং ভোটাভুটিতে অংশ নিয়ে বিলের বিরুদ্ধে অবস্থান নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।







