ওয়েব ডেস্ক : আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধী শিবিরের ঐক্য গড়ার চেষ্টা ধাক্কা খেল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) আর্জি সত্ত্বেও প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার বিরোধিতা করতে রাজি হলেন না ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন (MK Stalin)। রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, তামিলনাড়ু ও তামিল জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দল সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থান থেকে কোনও আপস করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
রাহুল গান্ধী স্ট্যালিনকে ‘ভাই’ সম্বোধন করে বিলের বিরোধিতায় পাশে থাকার আবেদন জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, স্ট্যালিন বরাবরই তামিলবিরোধী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী কার্যকর হলে লোকসভায় আসনসংখ্যা ৮৫০-এ পৌঁছতে পারে। রাহুলের অভিযোগ, এর ফলে বিজেপি ও আরএসএস নিজেদের সুবিধামতো দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পাবে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
আরও খবর : আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধী ঐক্য ফেরানোর উদ্যোগ, চেন্নাই-মুম্বই সফরে রাহুলরা
জবাবে স্ট্যালিন সংবিধান ও রাজ্যগুলির অধিকার রক্ষায় ডিএমকের ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি দেওয়ার জন্য রাহুলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, তামিলনাড়ুর স্বার্থের কথা মাথায় রেখেই দল প্রতিটি সিদ্ধান্ত নেয়। এই পথ থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই। নিজের বক্তব্যে বীরপাণ্ডিয়া কাট্টাবোম্মানের প্রসঙ্গ টেনে স্ট্যালিন বলেন, ইতিহাস তাঁদের কাট্টাবোম্মান হিসেবেই মনে রাখবে, এট্টাপ্পান হিসেবে নয়। তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে কেন্দ্রের প্রস্তাবিত বিল নিয়ে দলের অনড় অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
— M.K.Stalin (@mkstalin) November 29, 2026
প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী বিলে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ, আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো এবং ২০৫১ সাল পর্যন্ত আসন পুনর্বিন্যাস স্থগিত রাখার প্রস্তাব রয়েছে। এই বিল নিয়ে স্ট্যালিনের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে রবিবার চেন্নাই যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং সোনিয়া গান্ধীর। এরপর তাঁদের মুম্বই গিয়ে হাসপাতালে ভর্তি এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। উল্লেখ্য, শনিবার চেন্নাইয়ে ডিএমকের সদর দফতর আন্না আরিভালয়মে স্ট্যালিনের সভাপতিত্বে দলের সাংসদদের বৈঠকে সংশোধিত বিলের সমর্থনে প্রস্তাব গৃহীত হয়েছিল।







