ওয়েব ডেস্ক : সংসদের বিশেষ অধিবেশনে এনসিপিআইয়ের (NCPI) সঙ্গে যুক্ত ২০ সাংসদকে ভোট দিতে না দেওয়ার আর্জি জানিয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, ওই সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ সংক্রান্ত অযোগ্যতার মামলা এখনও নিষ্পত্তি হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সংসদের ভোটাভুটিতে অংশ নিতে দেওয়া উচিত নয়।
২৮ নভেম্বর স্পিকারকে লেখা চিঠিতে অভিষেক স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট ২০ সাংসদের ভোটদানে অনুমতি দেওয়া হলে তাঁদের বিরুদ্ধে চলা অযোগ্যতার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। একই সঙ্গে ওই সাংসদদের জন্য লোকসভায় পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাও জরুরি ভিত্তিতে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি। এই ২০ জনই আগে তৃণমূলের টিকিটে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।
আরও খবর : রাহুলের আর্জি খারিজ স্ট্যালিনের, আসন পুনর্বিন্যাস নিয়ে অবস্থানে অনড় ডিএমকে
অভিষেকের বক্তব্য, গত ১৯ জুন ২০২৬ তারিখে সংবিধানের দশম তফসিল এবং দলত্যাগ বিরোধী বিধি অনুযায়ী ওই সাংসদদের বিরুদ্ধে অযোগ্যতার আবেদন জমা পড়ে। কিন্তু এখনও তার নিষ্পত্তি হয়নি। লোকসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮ দেখানো হচ্ছে। ওই ২০ জনের নামও সেই তালিকায় রয়েছে। সংবিধানের দশম তফসিলের উল্লেখ করে অভিষেকের যুক্তি, যে রাজনৈতিক দলের প্রতীকে কোনও সাংসদ নির্বাচিত হন, তাঁকে সেই দলের সদস্য হিসেবেই বিবেচনা করা হয়।
চিঠিতে তিনি আরও দাবি করেছেন, কোনও রাজনৈতিক দলের মূল সংগঠন অন্য দলের সঙ্গে মিশে গেলেই কেবল দলত্যাগ বিরোধী আইনের নির্দিষ্ট সুরক্ষা প্রযোজ্য হতে পারে। শুধু আইনসভা দলের সদস্যদের অন্য দলে যোগ দেওয়ার দাবি করলেই সেই সুরক্ষা পাওয়া যায় না। তৃণমূলের মূল রাজনৈতিক দল এনসিপিআইয়ের সঙ্গে মিশে যায়নি বলেও দাবি করেছেন অভিষেক। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। ওই দিনই লোকসভায় সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত সংশোধনী বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করার কথা সরকারের। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে উপস্থিত ও ভোটদানকারী সাংসদদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে ২০ সাংসদের ভোটাধিকার নিয়ে অভিষেক চিঠি দিলেন ওম বিড়লাকে।







