ওয়েব ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী ১৩ ডিসেম্বর রবিবার ব্লু লাইনে আংশিকভাবে পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। মেট্রোপথে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওইদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও ময়দান স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকবে।
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
আরও খবর : শীতের পথে ফের বাধা ঘূর্ণাবর্ত! তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, কবে ফিরবে জাঁকিয়ে ঠান্ডা?
শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত বিভিন্ন স্টেশনের মধ্যবর্তী অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তা এবং মেট্রো পরিষেবার পরিকাঠামো ঠিক রাখতেই এই উদ্যোগ। উল্লেখ্য, এর আগেও নভেম্বরের ১৫, ২২ ও ২৯ তারিখ এবং ৬ ডিসেম্বর রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে একইভাবে আংশিক পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই দিনগুলিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলেছে। সন্ধ্যা ৬টার পর পরিষেবা পৌঁছেছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।
তবে ১৩ ডিসেম্বরের এই পরিবর্তন নিয়ে যাত্রীদের আগাম সতর্ক করেছে মেট্রো কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি যাত্রীদের সহযোগিতাও চাওয়া হয়েছে। ব্লু লাইনে পরিষেবা আংশিকভাবে ব্যাহত হলেও ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে।







