কলকাতা: কিছু খাঁচায় বন্দি পাখিকে দেখে আমরা অনেকেই হা-হুতাশ করি। কিন্তু আমাদের সমাজের অদৃশ্য খাঁচা এবং তার ভেতর বন্দি একটা মনকে নিয়ে আমরা ক’জনই বা ভাবি! এবার এই ব্যতিক্রমী ভাবনাকে ফুটিয়ে তোলা হল রূপোলি পর্দায়। চেজিং ড্রিমস ফিল্মস প্রযোজিত ও বেল জার ফিল্মস সহযোগিতায় নির্মিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলা ছবি ‘পিঞ্জর’ আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও স্বীকৃতি অর্জনের পর এবার বাংলার দর্শকদের সামনে আসছে ডা. রুদ্রজিৎ রায় পরিচালিত এই আবেগঘন চলচ্চিত্র।

মানুষের অন্তর্গত বন্দিত্ব, সমাজের অদৃশ্য খাঁচা এবং নীরব মানসিক লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘পিঞ্জর’ এক গভীর মানবিক গল্প। প্রতীকধর্মী উপস্থাপনা ও সংবেদনশীল চিত্রভাষার মাধ্যমে ছবিটি স্বাধীনতা, ট্রমা, টিকে থাকা এবং আত্মপরিচয়ের প্রশ্নকে নতুনভাবে তুলে ধরে। ভিন্ন ধারার এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা জয় সেনগুপ্ত, সাগ্নিক মুখার্জি, মল্লিকা ব্যানার্জি, মমতা শঙ্কর, শতাক্ষী নন্দী, ইশান মজুমদার, শামিউল আলম, তথাগত মুখার্জি এবং স্বস্তিদীপা রবিদাস। ছবির আবহসঙ্গীত নির্মাণ করেছেন রাতুল শঙ্কর, যার সুর ছবির আবেগকে আরও গভীরতা দিয়েছে।
আরও পড়ুন: অভিষেকের তৈরি পোশাকে সাবেকি সাজে পদ্ম সম্মানের মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘পিঞ্জর’ ছবিটি সাফল্যের ছাপ রেখেছে একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি প্রদর্শিত হয়েছে হাপিফেস্ট, শিকাগো দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসব, মন্ট্রিয়াল দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসব, সিডিনি ভারতীয় চলচ্চিত্র উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টোরন্টো ভারতীয় চলচ্চিত্র উৎসব, থার্ড আই চলচ্চিত্র উৎসব, বার্সেলোনা চলচ্চিত্র উৎসব এবং লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসব -এর মতো উল্লেখযোগ্য মঞ্চে।

ছবিটি প্রসঙ্গে পরিচালক রুদ্রজিৎ রায় বলেন, “পিঞ্জর আসলে সেই অদৃশ্য খাঁচাগুলোর গল্প, যেখানে মানুষ প্রতিদিন মানসিক, সামাজিক ও আবেগগতভাবে বন্দি হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি যে ভালোবাসা ও সম্মান পেয়েছে, তা আমাদের গোটা টিমকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।” আন্তর্জাতিক স্বীকৃতি, শক্তিশালী অভিনয় এবং আবেগঘন নির্মাণশৈলীর কারণে ‘পিঞ্জর’ ইতিমধ্যেই এই মরশুমের অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি হয়ে উঠেছে। আগামী ১০ জুলাই, দর্শক সাক্ষী থাকবেন এমন এক গল্পের যেখানে প্রতিটি নীরবতার ভিতরে লুকিয়ে আছে যন্ত্রণা, আর প্রতিটি খাঁচা খুঁজে ফেরে মুক্তির পথ।
দেখুন আরও খবর:







