ওয়েব ডেস্ক : ভিটামিন এবং অ্যান্টাসিড তৈরির উপাদান হিসেবে পরিচয় দিয়ে আমেরিকায় (America) ফেন্টানাইল তৈরির কাঁচামাল পাচারের অভিযোগ। এই মামলায় গুজরাটের ৩৭ বছরের ব্যবসায়ী ভবেশ রাঞ্ছোরভাই লাঠিয়াকে ৫৪ মাসের কারাদণ্ড দিল মার্কিন আদালত (American Court)। ব্রুকলিনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে ৫০ পাউন্ডেরও বেশি রাসায়নিক উপাদান পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ভবেশ লাঠিয়া, যিনি ভবেশ ভাই এবং ভবেশ প্যাটেল নামেও পরিচিত, সুরাটের রেক্সটার কেমিক্যালসের মালিক ও প্রতিষ্ঠাতা ছিলেন। মার্কিন তদন্তকারীদের অভিযোগ, তাঁর সংস্থার মাধ্যমে ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক আমেরিকায় পাঠানো হয়েছিল। ভিটামিন বা অ্যান্টাসিডের উপাদান হিসেবে চালানগুলির পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ।
আরও খবর : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মীমাংসায় মধ্যস্থতার বার্তা ভারতের
২০২৫ সালের জানুয়ারিতে ভবেশকে গ্রেফতার করা হয়। পরে চলতি বছরের এপ্রিল মাসে তাঁকে এই মামলায় দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। ফেন্টানাইল সংক্রান্ত এই ধরনের অপরাধে আমেরিকায় সর্বোচ্চ ৫৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ৫৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।কারাদণ্ডের পাশাপাশি ভবেশকে ২৪ হাজার ৫৬০ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
সাজা ঘোষণার সময় বিচারক জোসেফ নোসেলা জুনিয়র ফেন্টানাইলের ভয়াবহতার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, আমেরিকায় যখন এই মাদকের ওভারডোজে প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন, সেই পরিস্থিতিতে ভবেশ প্রাণঘাতী মাদক তৈরির উপাদান পাচার ও সরবরাহ করেছিলেন। তাঁর কাজের সম্ভাব্য পরিণতি সম্পর্কে কোনও গুরুত্ব দেননি বলেও মন্তব্য করেন বিচারক।







