কলকাতা: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস (Weather Forecast)। পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Weather Update)।
উপগ্রহ চিত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের উপস্থিতি ধরা পড়েছে। সমুদ্রের উপর থেকেই শক্তি সঞ্চয় করে সেটি আরও ঘনীভূত হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এর প্রভাবেই শনিবার বিকেলের পর থেকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে (Weather Update)।
শনিবার রাতের দিকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ফের বিপত্তি ব্লু লাইনে! রবীন্দ্র সরোবর স্টেশনের ঘটনার জেরে থমকাল মেট্রো পরিষেবা
কলকাতায় শনিবার প্রায় ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে শহরের নিচু এলাকা এবং জলমগ্ন হওয়ার প্রবণতা রয়েছে এমন জায়গাগুলিতে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
প্রশাসনের তরফে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তবে এই নিম্নচাপের স্থায়িত্ব খুব বেশি হবে না বলেই পূর্বাভাস। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। অন্য দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।







