ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে কেন্দ্রীয় করের ভাগ হিসেবে ৭ হাজার ৮৬৬ কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। বৃহস্পতিবার দেশের বিভিন্ন রাজ্যের জন্য একসঙ্গে ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেখান থেকেই এই অর্থ পেল বাংলা।
সাধারণত প্রতি মাসের ১০ তারিখে কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। তবে নভেম্বর মাসে নির্ধারিত সময়ের আগেই অর্থ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ নভেম্বরের পরিবর্তে ৫ নভেম্বর রাজ্যগুলির অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে বরাদ্দের টাকা।
আরও খবর : পুরভোটের আগে আইনি বাধা! ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
উৎসবের মরশুমে বিভিন্ন রাজ্যের সরকারি ব্যয়ের পরিমাণ বাড়ে। পরিকাঠামো উন্নয়ন, মূলধনী খাতে বিনিয়োগ এবং জনকল্যাণমূলক প্রকল্পের কাজ চালিয়ে যেতে প্রয়োজন হয় অতিরিক্ত অর্থের। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই আগাম অর্থ বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
এই অর্থের মাধ্যমে রাজ্যগুলি উন্নয়নমূলক প্রকল্পের খরচ মেটানোর পাশাপাশি বিভিন্ন পরিকাঠামোগত কাজেও গতি আনতে পারবে বলে আশা করা হচ্ছে। সরকারি ব্যয় বাড়লে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। আসলে কেন্দ্র চাইছে উৎসবের মরশুমে ওই টাকা রাজ্য সরকারগুলি উন্নয়ন খাতে খরচ করুক। তাতে অর্থনীতিতে বাড়তি অর্থ খরচের প্রবণতা থাকবে।







