ওয়েব ডেস্ক : সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যাবে, তা নিয়ে অনেকেরই চিন্তা থাকে। বিশেষ করে বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে যাঁরা টাকা রাখতে চান, তাঁদের কাছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট (Time Deposit) একটি পরিচিত বিকল্প। নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে সুদ পাওয়ার এই প্রকল্পটি অনেকটা ব্যঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই।
পোস্ট অফিসের (Post Office) টাইম ডিপোজিটে ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত টাকা রাখা যায়। মেয়াদ অনুযায়ী সুদের হারও আলাদা। ১ বছরের জন্য ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য ৭ শতাংশ, ৩ বছরের জন্য ৭.১ শতাংশ এবং ৫ বছরের মেয়াদে ৭.৫ শতাংশ সুদ দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রকল্পে সুদের হিসাব ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে করা হলেও সুদ বছরে একবার প্রদান করা হয়।
আরও খবর : ফোনের কভারে তেজপাতা রাখলেই নাকি বাড়বে টাকা! ভাইরাল টোটকার সত্য-মিথ্যা জানুন
ধরা যাক, কোনও বিনিয়োগকারী ৫ লক্ষ টাকা পোস্ট অফিসের টাইম ডিপোজিটে (Time Deposit) রাখলেন। ১ বছরের মেয়াদে ৬.৯ শতাংশ হারে সুদ হিসেবে প্রায় ৩৩,৩০১ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ মেয়াদ শেষে মোট টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫,৩৩,৩০১ টাকা। ৩ বছরের ক্ষেত্রে ৫ লক্ষ টাকার উপর প্রায় ১,১৭,৫৩৮ টাকা সুদ পাওয়া যেতে পারে। ফলে মেয়াদ শেষে মোট মিলবে প্রায় ৬,১৭,৫৩৮ টাকা।
৫ বছরের মেয়াদে সুদের হার সবচেয়ে বেশি হওয়ায় রিটার্নও তুলনামূলকভাবে বেশি। ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য রাখলে মেয়াদ শেষে প্রায় ৭,২৪,৯৭৪ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ মূল টাকার বাইরে সুদ থেকে আয় হতে পারে প্রায় ২,২৪,৯৭৪ টাকা। তবে বিনিয়োগের আগে বর্তমান সুদের হার ও প্রযোজ্য নিয়ম পোস্ট অফিসের কাছ থেকে যাচাই করে নেওয়া জরুরি।
এই প্রকল্পের আরও কয়েকটি সুবিধা রয়েছে। মাত্র ১,০০০ টাকা দিয়ে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায় এবং বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই। একক ব্যক্তির পাশাপাশি যৌথভাবেও অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। এছাড়া নির্দিষ্ট শর্ত পূরণ করলে ৫ বছরের টাইম ডিপোজিট- আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের সুবিধাও পাওয়া যেতে পারে। তবে শুধু সুদের হার দেখেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনার আর্থিক লক্ষ্য, টাকার প্রয়োজনের সময় এবং করের বিষয়টিও বিবেচনায় রাখা দরকার। কম ঝুঁকিতে নির্দিষ্ট মেয়াদের জন্য সঞ্চয় করতে চাইলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট সেই হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে।







